ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কাজ করছিল না ব্রেক, কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনার আগে কেমন ছিল অবস্থা? প্রকাশ্যে ভিডিয়ো

---Advertisement---

অসমে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের পাঁচটি কামরা। বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ কামরূপ (মেট্রোপলিটন) জেলার দিগারু রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে ট্রেনের চালককে জরুরি ব্রেক কাজ না করার কথা বলতে শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। (Kolkata-Sairang Express Derailment)

দুর্ঘটনার আগে কী ঘটেছিল?

কলকাতা থেকে মিজোরামের রাজধানী আইজলের কাছে সাইরাংয়ের উদ্দেশে যাচ্ছিল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। সেই সময় দিগারু স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। ভাইরাল হওয়া প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, চালক বিভিন্ন সুইচ ও পাওয়ার লিভার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কিন্তু তাতে কোনও কাজ হচ্ছে না।ভিডিয়ো তে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “ব্রেক পাইপের (BP) চাপ কমছে না।” এরপর তিনি জানান, সিগন্যাল লাল রয়েছে এবং জরুরি ব্রেক প্রয়োগ করা হয়েছে। কিন্তু সেটিও কাজ করছে না। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ধাক্কা মেরে লাইনচ্যুত হয়ে যায়। কেবিনের উপর রাখা কাচের বোতলও মাটিতে পড়ে যায়। (Kolkata-Sairang Express Derailment)

আতঙ্কের অভিজ্ঞতা যাত্রীদের

দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ট্রেনের এক প্যান্ট্রি কার ম্যানেজার। সংবাদ সংস্থা ANI-কে তিনি জানান, ভোর ৫টা নাগাদ তাঁরা ঘুমিয়ে ছিলেন। গুয়াহাটি পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। সেখান থেকে ট্রেন ছাড়ার পর দিগারু স্টেশনে গতি কিছুটা কমে যায়। স্টেশন পেরনোর পরই একটি অস্বাভাবিক শব্দ শোনা যায়। কয়েক মিটার এগনোর পরই ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে বলে তাঁর মনে হয়। এরপর প্রায় এক কিলোমিটার পর্যন্ত লাইনচ্যুত অবস্থাতেই এগিয়ে যায় ট্রেনটি। ঝাঁকুনিতে তিনি তিনবার আসন থেকে পড়ে যান। আতঙ্কে যাত্রীরা কামরার দরজাও খুলতে পারছিলেন না। প্রায় ১০ মিনিট পর ট্রেনটি থামে।

উদ্ধারকাজে রেল কর্তৃপক্ষ

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। রেললাইন পরিষ্কার এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার-সহ একাধিক পদস্থ আধিকারিক দিগারুর উদ্দেশে রওনা দিয়েছেন। পরিস্থিতির উপর নজর রাখছেন তাঁরা। অন্যদিকে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। কলকাতা ও মিজোরামের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম এই এক্সপ্রেসের দুর্ঘটনায় রেল পরিষেবা স্বাভাবিক করতে তৎপর কর্তৃপক্ষ। (Kolkata-Sairang Express Derailment)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now