এবার খরচ কমিয়ে ব্যবসায় লাভের মুখ দেখতে চাইছে টেলিকম সংস্থা Vodafone। সেই লক্ষ্যেই বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল সংস্থাটি। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন বিভাগ মিলিয়ে প্রায় ৩ হাজার কর্মীকে ছাঁটাই করেছে Vodafone। সংস্থার দাবি, ব্যবসার খরচ কমিয়ে আরও বেশি বৃদ্ধি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। তবে শুধু কর্মী ছাঁটাই নয়, আগামী কয়েক বছরে সংস্থার বার্ষিক খরচও বিপুল পরিমাণে কমানোর পরিকল্পনা রয়েছে।
Vodafone Layoff 3000 Employees: ইউরোপে ২০০ মিলিয়ন ইউরো খরচ কমাল সংস্থা
Vodafone জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে ইউরোপের ব্যবসায় প্রায় ২০০ মিলিয়ন ইউরো খরচ কমানো হয়েছে। এর মধ্যে ব্রিটেনেই সাশ্রয় হয়েছে ৫০ মিলিয়ন ইউরো। ২০২৫ সালে Three UK-এর সঙ্গে সংযুক্তির চুক্তির পর নতুন সংস্থা VodafoneThree তৈরির প্রক্রিয়ার সঙ্গেও এই খরচ কমানোর পরিকল্পনা যুক্ত।
তবে ব্রিটেনে ঠিক কতজন কর্মী চাকরি হারিয়েছেন, তা স্পষ্ট করেনি সংস্থা। শুধু ব্রিটেন বা ইউরোপের মূল অফিসেই নয়, ভারত এবং পূর্ব ইউরোপের বিভিন্ন জায়গায় থাকা সংস্থার সাপোর্ট হাবেও ছাঁটাইয়ের প্রভাব পড়েছে। এই কেন্দ্রগুলি মূলত প্রশাসনিক ও অন্যান্য সহায়ক পরিষেবার কাজ সামলায়।
জার্মানিতে আরও ২৩০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা
তবে Vodafone-এর খরচ কমানোর পরিকল্পনা এখানেই শেষ নয়। সোমবার সংস্থাটি জানিয়েছে, জার্মানিতে আরও ২৩০০ কর্মীকে ছাঁটাই করা হবে। সেই দেশে সংস্থার ব্যবসার হাল ফেরাতেই এই সিদ্ধান্ত। ২০৩০ সালের মধ্যে ইউরোপ এবং বিভিন্ন সহায়ক বিভাগ মিলিয়ে বছরে ২ বিলিয়ন ইউরোরও বেশি খরচ কমানোর লক্ষ্যমাত্রা নিয়েছে Vodafone।
আয় বাড়লেও লোকসানের মুখে সংস্থা
এদিকে, ছাঁটাই এবং খরচ কমানোর প্রভাব সংস্থার আর্থিক ফলাফলেও দেখা যাচ্ছে। Vodafone চলতি অর্থবর্ষে বার্ষিক আয়ের পূর্বাভাস বাড়িয়ে ১৩.২ থেকে ১৩.৪ বিলিয়ন ইউরো করেছে। যদিও সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে সংস্থার ট্যাক্স ছাড়া লোকসান হয়েছে ৩৭৩ মিলিয়ন ইউরো। গত বছর একই সময়ে ২.১ বিলিয়ন ইউরো লাভ হয়েছিল। জার্মানির ব্যবসায় ৪.৮৫ বিলিয়ন ইউরোর বিপুল সম্পদমূল্য হ্রাসের কারণেও এই লোকসান হয়েছে।
সংস্থার CEO জানিয়েছেন, সামগ্রিকভাবে ব্যবসার ফলাফলে তিনি খুশি। তবে জার্মানির পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়। ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর নেতৃত্বে এখনও পর্যন্ত ১১ হাজার কর্মীর চাকরি গিয়েছে। পাশাপাশি বছরে ৭০০ মিলিয়ন ইউরো খরচও কমিয়েছে সংস্থা।













