বিমান তখন ওড়ার প্রস্তুতি নিচ্ছে। যাত্রীদের নিয়ে কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা। ঠিক সেই সময় বিমানের শৌচাগারের ভিতর থেকে মিলল হাইজ্যাকের হুমকি। বুধবার সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনাকে কেন্দ্র করে ছড়াল তীব্র আতঙ্ক। তড়িঘড়ি বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট নিরাপত্তা এলাকায়। শুরু হয় তল্লাশি।
Air India Hijack Threat Kolkata Airport: শৌচাগারের আয়নায় হাইজ্যাকের হুমকি
সূত্রের খবর, বুধবার সকালে কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় বিমানের শৌচাগারে থাকা আয়নায় একটি হুমকিসূচক বার্তা নজরে আসে। সেখানে বিমান হাইজ্যাক করার হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।
বিষয়টি বুঝতে পেরেই দ্রুত পদক্ষেপ করেন বিমানের পাইলট। সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে পুরো বিষয়টি জানান তিনি। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের মধ্যে তৎপরতা শুরু হয়।
আইসোলেশন বে-তে নিয়ে গিয়ে শুরু তল্লাশি
নিরাপত্তার স্বার্থে বিমানটিকে মূল এলাকা থেকে সরিয়ে একটি আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) এবং বিমানবন্দরের বিশেষ নিরাপত্তারক্ষীরা।
বিমানের ভিতরে শুরু হয় জোরদার তল্লাশি। কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিমানের প্রতিটি অংশ পরীক্ষা করা হচ্ছে। যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে।
কে লিখল হুমকির বার্তা? তদন্তে নিরাপত্তা সংস্থাগুলি
অন্যদিকে, কে বা কারা বিমানের শৌচাগারের আয়নায় ওই হুমকির বার্তা লিখে রেখেছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এর পিছনে কারও পরিকল্পনা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
বিমানবন্দরের বিভিন্ন জায়গায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি বিমানের ভিতরের ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছেন নিরাপত্তা আধিকারিকরা।
এই মুহূর্তে তল্লাশি ও তদন্তের দিকেই নজর রয়েছে সকলের। হুমকির বার্তাটি কে লিখেছিল এবং এর পিছনে কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তাও তদন্তের পরেই স্পষ্ট হবে।











