বাঙালির উৎসবের সঙ্গে মিষ্টির সম্পর্ক চিরকালীন। সে নববর্ষ থেকে পারিবারিক অনুষ্ঠানই হোক বা বিজয়ার শুভেচ্ছা থেকে দীপাবলি, মিষ্টিমুখ ছাড়া কোনও অনুষ্ঠানের বৃত্তই সম্পূর্ণ হয় না। ভাইফোঁটাও তার ব্যতিক্রম নয়। আর এই বিশেষ দিনে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করানোর রীতিও বহুদিনের। সেই উপলক্ষে কলকাতার বিভিন্ন মিষ্টির দোকানে শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে নানা ধরনের সুস্বাদু মিষ্টি। মিষ্টি কিনতে উপচে পড়েছে ক্রেতাদের ভিড়। এমনই ছবি ধরা পড়েছে কলকাতার মিষ্টির দোকানগুলিতে (Bhaiphonta mishti)।
Bhaiphonta mishti: ট্র্যাডিশনাল বনাম থিম
তবে ট্র্যাডিশনাল সন্দেশ, জলভরা, লবঙ্গলতিকা, নাকি থিমের তিরামিসু, ত্রিলিচিস মিষ্টি? কোন মিষ্টির চাহিদা সবচেয়ে বেশি? মিষ্টির দোকানের শোকেসে মঙ্গলবার সকাল থেকেই জায়গা পেয়েছে হরেক ফ্লেভারের চোখ জুড়নো মিষ্টি। পাশাপাশি ড্রাই ফ্রুটস মিষ্টি এবং নতুন স্বাদের ফিউশন মিষ্টি—সবেতেই থাকছে বিশেষ আকর্ষণ। কোথাও ভাইফোঁটা স্পেশাল মিষ্টির প্যাকেট, আবার কোথাও সাজানো হয়েছে বিশেষ উপহারের বাক্স। ৫০০ থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত মিষ্টির দাম রয়েছে (Bhaiphonta mishti)।
কলকাতার এক মিষ্টি বিক্রেতা বলেন, “সাধারণ মিষ্টির থেকে এখন ডের্জাস জাতীয় মিষ্টি বেশি পছন্দ করছেন মানুষ। অবশ্যই তাতে বাঙালিআনার ছাপ থাকছে। এছাড়াও, যাঁরা একদম সাবেকি মিষ্টি পছন্দ করেন, তাঁদের জন্যও থাকছে নানা ধরনের সাবেকি মিষ্টি। মঙ্গলবার সকাল থেকেই ক্রেতারা ভাইফোঁটার মিষ্টি কিনতে ভিড় জমাচ্ছেন।”
সকাল থেকেই শহরের বিভিন্ন মিষ্টির দোকানে ক্রেতাদের আনাগোনা চোখে পড়েছে। ভাইয়ের জন্য পছন্দের মিষ্টি কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন বোনেরা। সব মিলিয়ে ভাইফোঁটাকে কেন্দ্র করে মিষ্টির দোকানগুলিতে এখন উৎসবের ব্যস্ততা তুঙ্গে। মিষ্টির স্বাদে ভাই-বোনের সম্পর্কের মাধুর্য আরও বাড়িয়ে তুলতে প্রস্তুত কলকাতা।













