ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পাক সাংবাদিককে গুলি করে খুন, আটক স্বামী

---Advertisement---

পাকিস্তানের সাংবাদিক রাবিয়া আহসানকে নিজের বাড়িতেই গুলি করে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। রবিবার রাওয়ালপিন্ডির বাড়ি থেকে ৪১ বছর বয়সি ওই সাংবাদিকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় তাঁর স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও গুলি। প্রাথমিক তদন্তে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। যদিও স্বামীর দাবি, অসাবধানতাবশত গুলি চলেছে। (Rabia Ahsan Murder)

শোওয়ার ঘরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

পুলিশের কাছে দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, রবিবার দুপুর ৩টে নাগাদ নিজের শোওয়ার ঘরে গুলিবিদ্ধ হন রাবিয়া। সেই সময় বাড়ির লনে ছিলেন তাঁর মা ও বোন আলউইনা। আচমকা গুলির শব্দ শুনে ঘরের দিকে ছুটে যান আলউইনা। সেখানে গিয়ে তিনি দেখেন, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রাবিয়া। তাঁর স্বামী আহসান তাহিরের হাতে ছিল একটি পিস্তল।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক পরীক্ষায় রাবিয়ার শরীরে দুটি গুলির ক্ষত পাওয়া যায়। একটি ক্ষত ছিল গলার নীচে। অন্যটি পিঠের ডান দিকে। পরে পঞ্জাব ফরেনসিক সায়েন্স অথরিটি ঘটনাস্থল থেকে একটি .৩০ বোরের পিস্তল ও কার্তুজ উদ্ধার করে। (Rabia Ahsan Murder)

দুর্ঘটনার দাবি স্বামীর, মিলল না আগ্নেয়াস্ত্রের লাইসেন্স

সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, বাড়ির এক পুরুষ পরিচারক পুলিশকে জানিয়েছেন, গুলি চলার পর আহসান তাহির দাবি করেছিলেন, দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে গিয়েছে। তবে জিজ্ঞাসাবাদের সময় ওই পিস্তলের কোনও বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি তিনি।

ঘটনার পরিস্থিতি এবং পরিবারের সদস্যদের বয়ানের ভিত্তিতে পাকিস্তান পেনাল কোডের ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে রাবিয়ার স্বামীকে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। (Rabia Ahsan Murder)

নিরপেক্ষ তদন্তের দাবি ফার্স্ট লেডির

সাংবাদিক রাবিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার কথাও বলেছেন তিনি। পাশাপাশি, তিন মাসেরও কম সময় আগে হিনা জাভেদ নামে আরও এক কর্মরত মহিলার খুনের ঘটনার কথা স্মরণ করিয়েছেন আসিফা। তাঁর বক্তব্য, সেই ঘটনার তদন্তের ফল এখনও সামনে আসেনি। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত ও জবাবদিহি প্রয়োজন।

রাবিয়া আহসান ৯২ নিউজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দুই কন্যাসন্তানের মা। তাঁর স্বামী আহসান তাহির ওভারসিজ পাকিস্তানিজ ফাউন্ডেশনে (OPF) ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত। রাবিয়ার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। (Rabia Ahsan Murder)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now