ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সফটওয়ারের চাকরি ছেড়ে দাবার বোর্ডে ইতিহাস, জানুন ভারতের ১০০তম গ্র্যান্ডমাস্টার অনুজের কাহিনি

Anuj Shrivatri
---Advertisement---

ভারতের দাবায় এক ঐতিহাসিক মাইলফলক। দীর্ঘ ৩৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের ১০০তম গ্র্যান্ডমাস্টার হলেন মধ্যপ্রদেশের ২২ বছরের (Anuj Shrivatri) অনুজ শ্রীভাত্রী। তবে তাঁর সাফল্যের পিছনে রয়েছে এক অন্যরকম লড়াই। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং -এ বি.টেক ডিগ্রি, জার্মান সংস্থায় সফটওয়ার ইঞ্জিনিয়ারের চাকরি—সব ছেড়ে দাবাকেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন তিনি।

ফিলিপিন্সে ঐতিহাসিক জয়

রবিবার ফিলিপিন্সে আয়োজিত ৭ম আসিয়ান প্লাস ইন্ডিভিজুয়াল ওপেন দাবা চ্যাম্পিয়নশিপ জিতে এই নজির গড়েন (Anuj Shrivatri) অনুজ। মধ্যপ্রদেশের কাটনি জেলার বাসিন্দা তিনি। শুধু দেশের ১০০তম গ্র্যান্ডমাস্টার হওয়াই নয়, মধ্যপ্রদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হিসেবেও ইতিহাস তৈরি করেছেন। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে হারলেও পরের আট রাউন্ডে সাত পয়েন্ট সংগ্রহ করেন তিনি। মোট ৯ রাউন্ডে সাত পয়েন্ট নিয়ে ভিয়েতনামের নগুয়েন ডুক হোয়াকে আধ পয়েন্টে পিছনে ফেলেন।

কীভাবে পেলেন সরাসরি GM খেতাব?

সাধারণত গ্র্যান্ডমাস্টার হতে অন্তত ২৭টি গেমে তিনটি GM নর্ম এবং ২৫০০ FIDE রেটিং প্রয়োজন। তবে FIDE অনুমোদিত বিশেষ নিয়মে এই প্রতিযোগিতায় সরাসরি গ্র্যান্ডমাস্টার হওয়ার সুযোগ ছিল।

সাত বছর বয়সে দাবার হাতেখড়ি

২০০৪ সালে জন্ম (Anuj Shrivatri) অনুজের। ২০১১ সালে মাত্র সাত বছর বয়সে বাবা অশোক শ্রীভাত্রী হাত ধরে দাবার জগতে প্রবেশ। প্রথম কোচ ভি কে তিওয়ারির কাছে প্রশিক্ষণ শুরু। পরে নিকলেশ জৈন-সহ একাধিক কোচের কাছে প্রশিক্ষণ নেন।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে গ্র্যান্ডমাস্টার

লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে কৃত্তিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং-এ বি.টেক শেষ করে জার্মান সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন (Anuj Shrivatri) অনুজ। কিন্তু দিনে আট-নয় ঘণ্টা দাবার প্রস্তুতি এবং চাকরি একসঙ্গে চালানো কঠিন হয়ে পড়ছিল। তাই জার্মানিতে গিয়ে কাজ করার সুযোগও প্রত্যাখ্যান করেন তিনি। পরিবারের আর্থিক ত্যাগও ছিল তাঁর এই যাত্রার অন্যতম ভরসা। বাবা অশোক পেশায় শিক্ষক। ছেলের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাবা-মাকে বহুবার সঞ্চয়ের টাকা খরচ করতে হয়েছে।

আনন্দের অভিনন্দন, ভারতীয় দাবায় নতুন অধ্যায়

১৯৮৮ সালে বিশ্বনাথন আনন্দ ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। প্রায় চার দশক পর সেই সংখ্যা পৌঁছল ১০০-তে। (Anuj Shrivatri) অনুজের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দও। তাঁর এই জয় ভারতীয় দাবার ক্রমবর্ধমান শক্তির পাশাপাশি মধ্যপ্রদেশের ক্রীড়াক্ষেত্রেও নতুন ইতিহাস তৈরি করল।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now