একসময় বাটার চিকেন ছিল তাঁর অন্যতম প্রিয় খাবার। মাংস খেতেও ভালোবাসতেন তিনি। কিন্তু ২০১৮ সালে হঠাৎই খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আনেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। মাংস খাওয়া বন্ধ করে নিরামিষ খাবারের দিকে ঝুঁকে পড়েন তিনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই সিদ্ধান্তের পিছনের কারণ জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ঘাড়ের চোট, অসহ্য যন্ত্রণা এবং শারীরিক সমস্যাই তাঁকে খাদ্যাভ্যাস বদলাতে বাধ্য করেছিল বলে জানিয়েছেন তিনি। (Virat Kohli)
ঘাড়ের চোট থেকেই সমস্যার শুরু
বিরাট কোহলি বরাবরই ফিটনেস নিয়ে সচেতন। দীর্ঘ সময় ধরে মাঠে অনুশীলন এবং কঠোর শরীরচর্চা তাঁর দৈনন্দিন জীবনের অংশ। তবে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের সময় বড় সমস্যায় পড়েন তিনি। সেঞ্চুরিয়নে একটি টেস্ট ম্যাচ খেলার সময় তাঁর ঘাড়ের মেরুদণ্ডের একটি ডিস্ক ফুলে যায়। এর ফলে একটি স্নায়ুর উপর চাপ তৈরি হয়। সেই সমস্যা ডান হাতের কনিষ্ঠা আঙুল পর্যন্ত ছড়িয়ে পড়ে। এক সাক্ষাৎকারে বিরাট জানান, ডান হাতের কনিষ্ঠা আঙুলে ঝিনঝিন করত। অনেক সময় আঙুলের অনুভূতিও প্রায় হারিয়ে ফেলতেন। অসহ্য যন্ত্রণার কারণে রাতে ঠিকমতো ঘুমোতে পারতেন না। একটানা ১০ থেকে ১৫ মিনিটের বেশি ঘুমানোও কঠিন হয়ে পড়েছিল। সারা রাত বিছানায় এ পাশ-ও পাশ করে কাটাতে হত তাঁকে। (Virat Kohli)
চিকিৎসকের পরামর্শেই বদল ডায়েটে
এই সমস্যার কারণ খুঁজতে পরীক্ষা করান বিরাট। সেই সময় এক পরিচিত ব্যক্তির সঙ্গে পরামর্শ করেন তিনি। ওই ব্যক্তির পরামর্শে জানতে পারেন, তাঁর শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়েছিল। পাশাপাশি পাকস্থলীতেও অ্যাসিডের সমস্যা তৈরি হয়েছিল বলে জানান বিরাট। তাঁর দাবি, শরীরে অ্যাসিডের ভারসাম্য নষ্ট হওয়ায় ক্যালশিয়াম ও অন্যান্য খনিজ উপাদানের স্বাভাবিক কার্যকারিতাতেও সমস্যা হচ্ছিল। হাড়ের উপরও তার প্রভাব পড়ছিল বলে তিনি জানান। এরপরই খাবারের তালিকা থেকে মাছ-মাংস কমিয়ে দেওয়ার পরামর্শ পান। সেই পরামর্শ মেনে দ্রুত খাদ্যাভ্যাস বদলে ফেলেন তিনি। মাংস খাওয়া পুরোপুরি বন্ধ করে দেন।(Virat Kohli)
ভেগান নন, নিরামিষাশী বিরাট
বিরাটের খাদ্যাভ্যাস নিয়ে অবশ্য একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে তাঁর খাবারের তালিকায় ডিম থাকার কথা প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে, তিনি কি আদৌ ভেগান? কারণ ভেগানরা কোনও ধরনের প্রাণীজ খাবার খান না। এই বিতর্কের জবাবও নিজেই দিয়েছিলেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়েছিলেন, তিনি কখনও নিজেকে ভেগান বলেননি। তিনি নিরামিষাশী। তাঁর খাবারের তালিকায় রয়েছে প্রচুর শাকসবজি, ডিম, মুসুর ডাল, কুইনোয়া এবং শাকপাতা। দিনে দু’কাপ কফিও খান তিনি। ধোসাও তাঁর পছন্দের খাবার। তবে সব কিছুই নির্দিষ্ট পরিমাণে খান। (Virat Kohli)
২০১৯ সালে নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘দ্য গেম চেঞ্জার’ দেখার পর নিরামিষাশী অ্যাথলিট হিসেবে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন বিরাট। একসময় বাটার চিকেন পছন্দ করা বিরাটের এই আমূল পরিবর্তনের পিছনে ছিল মূলত শারীরিক সমস্যা এবং ফিটনেসের প্রতি তাঁর সচেতনতা। খাদ্যাভ্যাস বদলে এখন তিনি যে খুশি, সাক্ষাৎকারে সে কথাও জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের এই তারকা।













