ভয়াবহ রেল দুর্ঘটনা অসমে। বুধবার সকালে কামরূপ (মেট্রো) জেলার দিগারু রেল স্টেশনে লাইনচ্যুত হল কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ছ’টি কামরা। সকাল প্রায় ৬টা ৫৪ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর। যদিও আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও উদ্ধারকারী দলের সদস্যরা। শুরু হয় উদ্ধার এবং ত্রাণের কাজ।
Kolkata-Sairang Express Derailment: প্রাথমিকভাবে প্রাণহানির খবর নেই, ঘটনাস্থলে রেল আধিকারিকরা
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তাঁর কথায়, বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ দিগারু স্টেশনে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ছ’টি কামরা লাইনচ্যুত হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং উদ্ধারকাজের তদারকি করতে রেলের পদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ট্রেনের ইঞ্জিনের পিছনে থাকা একাধিক কামরা লাইন থেকে ছিটকে গিয়েছে। কয়েকটি কামরা একদিকে হেলে পড়ে রয়েছে। দুর্ঘটনার পর যাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ভিড় জমান। অনেককেই মোবাইল ফোনে দুর্ঘটনার ছবি ও ভিডিয়ো তুলতে দেখা যায়। গোটা এলাকায় তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।
5 COACHES OF KOLKATA-SAIRANG EXPRESS DERAIL IN ASSAM’S DIGARU Five coaches of the Kolkata-Sairang Express, along with the locomotive, derailed near Digaru on the outskirts of Guwahati, Assam. The train was crossing Digaru when the accident occurred. Further details are awaited.
— Subodh Kumar (@kumarsubodh_) November 11, 2026
উদ্ধারকাজ শুরু, হাসপাতালে পাঠানো হচ্ছে আহতদের
অন্যদিকে, একাধিক সূত্রে দাবি করা হয়েছে, দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। রেলকর্মী, উদ্ধারকারী দল এবং আধিকারিকরা মিলে ট্রেনের কামরায় আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনার চেষ্টা করছেন। তবে এখনও পর্যন্ত আহতের সংখ্যা বা তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে কোনও সরকারি বিবৃতি সামনে আসেনি।
কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, রেললাইনের সমস্যা নাকি অন্য কোনও কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে রেল কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় রয়েছেন যাত্রীদের পরিবার-পরিজনেরা।












