CJP-র কর্মসূচি ঘিরে বাড়ছে উত্তেজনা। জাতীয় পতাকা হাতে মিছিলের ডাক দিয়েছিলেন ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কিন্তু সেই কর্মসূচির আগেই তাঁর বাড়িতে পৌঁছল দিল্লি পুলিশ। ইতিমধ্যেই এই কর্মসূচি ঘিরে শুক্রবার সকাল থেকেই বন্ধ সেন্ট্রাল পার্ক। জারি ১৬৩ ধারা। দুর্গের চেহারা নিয়েছে গোটা চত্বর। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে (Abhijeet Dipke)।
Abhijeet Dipke: অভিজিৎ-এর বাড়িতে পুলিশ
দিল্লির কনট প্লেসে বিকেল পাঁচটায় শুরু ‘তিরঙ্গা ওড়াও’ কর্মসূচি। তার ঠিক আগে দুপুরে অভিজিৎ দীপকের দিল্লির বাড়িতে পৌঁছয় পুলিশ। সূত্রের খবর, দীপকে-কে মিছিলে যোগ না দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ (Abhijeet Dipke)। এই পুলিশ বাহিনীর সঙ্গে মহিলা পুলিশও ছিলেন। সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে দীপকে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে পুলিশের সঙ্গে কথা বলছেন এবং তাদের দেওয়া নথি পড়ছেন। তারপরে তিনি পুলিশের কাছে জানতে চান, ‘কী অভিযোগ এনেছেন আমার বিরুদ্ধে’?
সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা
মিছিল ঘিরে অশান্তির আশঙ্কায় কনট প্লেসের সেন্ট্রাল পার্ক ১৬ ও ১৭ অক্টোবর সাধারণ মানুষের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি পুরসভা। এলাকায় জমায়েত নিয়ন্ত্রণে বিধিনিষেধও জারি রয়েছে। নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) ঘোষণা করেছে, “প্রশাসনিক কারণে” শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক জনসাধারণের জন্য বন্ধ থাকবে। অন্যদিকে, দিল্লি পুলিশ জানিয়েছে, তারা একটি নির্দিষ্ট স্থানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার সুযোগ করে দিতে পারে।
দীপকে আগেই জানিয়েছিলেন, ‘তিরঙ্গা যাত্রা’-র আগে তাঁকে আটক করা হতে পারে। তিনি দাবি করেন, নম্বর প্লেটহীন গাড়িতে তাঁকে অনুসরণ করা হচ্ছে। তাঁর বাড়ির উপরে নজর রাখছে কেন্দ্রীয় গোয়েন্দা বুরো।











