রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Rajasthan Mount Abu Temperature: শীতের দাপটে কাঁপছে রাজস্থানের একাংশ, বরফে ঢাকল জলাশয়—মাঠঘাট

Published on: January 25, 2026
---Advertisement---

চেনা যাচ্ছে না রাজস্থানকে। রাজস্থানের আবহাওয়ার চেনা ছবি মানেই শুষ্কতা, প্রচণ্ড গরম, কম বৃষ্টি, মাঝারি শীত আর মরুপ্রধান জলবায়ু। সেখানে দাঁড়িয়ে একমাত্র পাহাড়ি শহর মাউন্ট আবুতে শীতের তীব্রতা বেশি থাকলেও এবারই তা চরমে পৌঁছেছে। শনিবার (২৪ জানুয়ারি) ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। যার ফলে বরফে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। প্রচণ্ড ঠান্ডার জেরে জলাশয়ের জল জমে বরফে পরিণত হয়েছে, মাঠে মাঠে দেখা মিলেছে পুরু বরফের আস্তরণ।

সাধারণত বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর পর রাজস্থানে শীতের দাপট কমতে শুরু করে। কিন্তু চলতি বছরে তার ব্যতিক্রম ঘটেছে। শুক্রবার রাত থেকেই তাপমাত্রা দ্রুত নামতে থাকে এবং শনিবার সকালে এই শীতের মরসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়ে মাউন্ট আবু। স্থানীয় সূত্রে জানা গেছে, সালগাঁও, চাঁদমারি ফায়ারিং রেঞ্জসহ আশপাশের গ্রামীণ এলাকায় ঘাস ও গাছপালার উপর জমে থাকা শিশির শক্ত বরফে পরিণত হয়েছে। পুকুর, ছোট জলাধার এমনকী পানীয় জলের পাত্রেও বরফের আস্তরণ লক্ষ্য করা গেছে।

সকালের দিকে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা বাড়েনি বললেই চলে। সকাল ৯টার পরেও ঠান্ডা থেকে বাঁচতে বাসিন্দাদের আগুনের পোহাতে হচ্ছে। শীতের প্রকোপে সাধারণ জীবনযাত্রা ব্যাহত হয়েছে। পর্যটকরাও এই অস্বাভাবিক ঠান্ডায় যথেষ্ট ভোগান্তির মুখে পড়েছেন। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যজুড়ে তাপমাত্রা আবারও নীচের দিকে নেমেছে। আগামী ২৬ থেকে ২৮ জানুয়ারির মধ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে। তাপমাত্রা আরও ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে, যদিও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। Rajasthan Mount Abu Temperature

শুক্রবার রাজস্থানের একাধিক জেলায় হালকা বৃষ্টি হয়েছে। জয়সালমের এ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি লুঙ্কারানসার, নাগৌর, ফতেহপুর, পালি ও সিকারেও শীতের দাপট রয়েছে। যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিন উত্তর-পশ্চিম ভারতের সর্বনিম্ন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। এখন দেখার কবে আবহাওয়ার পরিবর্তন হয় এবং এই তীব্র শীত থেকে রক্ষা পায় রাজস্থান।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment