---Advertisement---
lifezone nursing home

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, ২০২৮-এর মধ্যে দেশের সমস্ত কর্মরত শিক্ষকের জন্য TET বাধ্যতামূলক

May 29, 2026 6:53 PM
TET Deadline
---Advertisement---

দেশজুড়ে কর্মরত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য টেট (TET) পাশ বাধ্যতামূলকই থাকছে। তবে শিক্ষকদের কিছুটা স্বস্তি দিয়ে টেট উত্তীর্ণ হওয়ার সময়সীমা (TET Deadline) আরও এক বছর বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে সকল কর্মরত শিক্ষককে টেট পাশ করতেই হবে। এর আগে নির্ধারিত সময়সীমা ছিল ২০২৭ সালের ৩১ অগস্ট।

বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ এদিন পুনর্বিবেচনার মামলার শুনানিতে আগের নির্দেশ বহাল রাখে। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, টেট বাধ্যতামূলক থাকার সিদ্ধান্তে কোনও পরিবর্তন করা হচ্ছে না। শুধু শিক্ষকদের সুবিধার কথা ভেবে সময়সীমা এক বছর বাড়ানো হয়েছে (TET Deadline)।

(TET Deadline) এই রায়ের ফলে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশের লক্ষ লক্ষ কর্মরত শিক্ষককে আবার যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় বসতে হবে। সূত্রের খবর, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই প্রায় ১ লক্ষ প্রাথমিক শিক্ষক এখনও টেট উত্তীর্ণ নন। সারা দেশে সেই সংখ্যা প্রায় ৩০ লক্ষের কাছাকাছি। ফলে বহু শিক্ষকের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে এই পরীক্ষায় পাশ করার উপর।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ২০২৭ সালের ৩১ অগস্টের মধ্যে টেট পাশ না করলে সংশ্লিষ্ট শিক্ষকদের স্বেচ্ছাবসর নিতে হবে। সেই নির্দেশের বিরুদ্ধেই বিভিন্ন রাজ্য সরকার এবং শিক্ষক সংগঠন পুনর্বিবেচনার আবেদন জানায়। শুক্রবার সেই রিভিউ পিটিশনের শুনানিতে আদালত আগের অবস্থানেই অনড় থাকে।

আরও পড়ুন: সিদ্দারামাইয়ার যুগ শেষ, কর্ণাটকের নতুন মুখ ডি কে শিবকুমার

মামলাকারীদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামিম জানান, আদালত টেট বাধ্যতামূলক রাখার সিদ্ধান্তে কোনও বদল করেনি। তবে শিক্ষকদের কিছুটা সুযোগ দিতেই সময়সীমা বাড়ানো হয়েছে। তাঁর কথায়, “এতে আপাতত কিছুটা স্বস্তি মিললেও দুশ্চিন্তা পুরো কাটেনি।”

শিক্ষক সংগঠনগুলির দাবি ছিল, যাঁরা ২০১১ সালের আগে চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের টেটের আওতার বাইরে রাখা হোক। কারণ, পশ্চিমবঙ্গে ২০১১ সাল থেকেই টেট বাধ্যতামূলক করা হয়। তার আগে এই নিয়ম কার্যকর ছিল না।

উল্লেখ্য, শিক্ষার অধিকার আইন (RTE) ২০০৯ এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE)-এর ২০১০ সালের নির্দেশিকা অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষকতার জন্য টেটকে ন্যূনতম যোগ্যতা হিসেবে ধরা হয়েছে। সেই নিয়ম মেনেই বিভিন্ন রাজ্যে টেট বাধ্যতামূলক করা হয়।

‘নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি’-র সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল বলেন, “সারা দেশে বহু শিক্ষক দীর্ঘদিন ধরে চাকরি করছেন, অথচ তাঁদের নিয়োগের সময় টেট বাধ্যতামূলক ছিল না। তাই পুরনো শিক্ষকদের ছাড় দেওয়ার আবেদন জানানো হয়েছিল।” যদিও আদালত সেই আবেদন মঞ্জুর করেনি।

তবে কিছু ক্ষেত্রে স্বস্তি বজায় রেখেছে সুপ্রিম কোর্ট। আদালতের আগের নির্দেশ অনুযায়ী, যাঁদের চাকরির মেয়াদ ২০৩০ সালের মধ্যে শেষ হয়ে যাবে, তাঁদের টেট পরীক্ষার আওতার বাইরে রাখা হবে। সেই নির্দেশও বহাল রয়েছে। (TET Deadline)

এদিকে শিক্ষক সংগঠনগুলির একাংশ কেন্দ্রীয় সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আগেই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাস্তবে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। এমনকি রিভিউ মামলায় কেন্দ্রের পক্ষ থেকে আলাদা করে আইনজীবীও উপস্থিত ছিলেন না বলে অভিযোগ তাঁর।

আদালতের এই নির্দেশের পর এখন নতুন করে প্রস্তুতি শুরু করতে হবে বহু শিক্ষককে। (TET Deadline) চাকরির পাশাপাশি টেট পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজ হবে না বলেই মনে করছেন শিক্ষকদের একাংশ। বিশেষ করে দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষকদের কাছে আবার পরীক্ষায় বসার বিষয়টি বড় চাপ হয়ে দাঁড়াতে পারে।

তবে সুপ্রিম কোর্টের নির্দেশ স্পষ্ট— ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে টেট পাশ করতেই হবে। তা না হলে ভবিষ্যতে চাকরি নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে যুদ্ধের আশঙ্কা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, ২০২৮-এর মধ্যে দেশের সমস্ত কর্মরত শিক্ষকের জন্য TET বাধ্যতামূলক”

Leave a Comment