রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Pollution and Health Impacts: দূষণের নিচে চাপা পড়ছে আমাদের ভবিষ্যৎ

Woman by polluted river, industrial smoke. Pollution and Health Impacts
---Advertisement---

ব্রততী সিনহা রায়
Consultant Psychologist & Psychotherapist

আমাদের চারপাশের পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। একসময় ভোরের নির্মল বাতাসে দিন শুরু হতো, পাখির ডাক আর হালকা হাওয়ার স্পর্শে মন ভরে উঠত। আজ সেই জায়গায় এসেছে ধোঁয়ায় ভরা বাতাস, যানবাহনের কোলাহল এবং প্লাস্টিকের স্তূপে ঢাকা শহর (Pollution and Health Impacts)।

আধুনিকতার সুবিধা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে পরিবেশের ওপর চাপ। শহরের বিস্তার, শিল্পায়ন, যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনের অসচেতন অভ্যাস-সব মিলিয়ে পরিবেশ আজ এক নীরব সংকটের মুখে দাঁড়িয়ে। এই পরিবর্তনের প্রভাব সবসময় চোখে পড়ে না, কিন্তু ধীরে ধীরে তা আমাদের শরীর, মন এবং জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করছে।

পরিবেশ দূষণ: প্রকৃতি থেকে মানুষের জীবনে

পরিবেশ দূষণ এখন আর শুধু প্রকৃতির সমস্যা নয়-এটি এক বড় জনস্বাস্থ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ৭০ লক্ষ মানুষ বায়ুদূষণের কারণে প্রাণ হারান। এছাড়া জলদূষণের কারণে আরও প্রায় ১৬ লক্ষ মানুষের মৃত্যু ঘটে। বিশ্বজুড়ে মোট রোগের প্রায় ৮-৯ শতাংশের জন্য পরিবেশ দূষণ দায়ী বলে মনে করা হয়, আর উন্নয়নশীল দেশগুলোতে এই প্রভাব আরও বেশি। দূষিত জল, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ঘরের ভেতরের দূষণ-সব মিলিয়ে পরিবেশ দূষণ আজ একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে, যা আসতে আসতে আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ছে, যেটা শুধু আজ নয়, আগামী প্রজন্মের ভবিষ্যতকেও প্রভাবিত করছে।

Pollution and Health Impacts

বায়ুদূষণ: নিঃশ্বাসেই অদৃশ্য বিপদ

আমরা প্রতিদিন যে বাতাসে শ্বাস নিই, তাতে অজান্তেই প্রবেশ করছে অসংখ্য ক্ষতিকর উপাদান। পার্টিকুলেট ম্যাটার (PM) নামক ক্ষুদ্র কণাগুলি ফুসফুসে জমে গিয়ে শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস এমনকি হৃদরোগের কারণ হতে পারে। দীর্ঘদিন এই দূষিত বাতাসে থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এছাড়া CFC-র মতো গ্যাস ওজোনস্তর ক্ষতিগ্রস্ত করে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

ফলাফল: ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD), হাঁপানি, ব্রংকিওলাইটিস, ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, স্নায়ুর সমস্যা ও ত্বকের বিভিন্ন জটিলতা।

জলদূষণ: অদৃশ্য কিন্তু মারাত্মক

“জলই জীবন”-এই পরিচিত কথাটিই আজ প্রশ্নের মুখে। নদী, পুকুর ও ভূগর্ভস্থ জলে মিশছে কারখানার বর্জ্য, নর্দমার জল, কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক পদার্থ। এর ফলে তৈরি হচ্ছে এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। স্বল্পমেয়াদে দেখা দেয় কলেরা, টাইফয়েড, আমাশয় ও হেপাটাইটিস A-এর মতো রোগ। দীর্ঘমেয়াদে পারদ, সিসা ও আর্সেনিক শরীরে জমে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। অতিরিক্ত ফ্লুরাইডের কারণে ফ্লুরোসিস এবং মাইক্রোপ্লাস্টিকের কারণে কোষের কার্যক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যাও বাড়ছে।

এটি সবচেয়ে বেশি প্রভাব পড়ে শিশু, বয়স্ক মানুষ এবং গর্ভবতী নারীদের ওপর, কারণ তাদের শরীর তুলনামূলকভাবে বেশি সংবেদনশীল। দূষিত জলের প্রভাব তাদের ক্ষেত্রে দ্রুত দেখা যায়-অপুষ্টি, দুর্বলতা এবং ঘন ঘন অসুস্থতার মাধ্যমে।

শব্দদূষণ: নীরব কিন্তু গভীর আঘাত

শব্দদূষণ চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ৭০ ডেসিবেলের নিচের শব্দ সাধারণত ক্ষতিকর নয়। কিন্তু ৮৫ ডেসিবেলের বেশি শব্দে দীর্ঘ সময় থাকলে তা বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত শব্দ শরীরের মধ্যে স্ট্রেস প্রতিক্রিয়া তৈরি করে, যা ধীরে ধীরে রক্তচাপ বাড়াতে পারে।। এর ফলে রক্তচাপ বৃদ্ধি, হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি বাড়ে এবং ঘুমের ব্যাঘাত ঘটে। মানসিক দিক থেকেও এর প্রভাব গুরুতর-উদ্বেগ, বিরক্তি, হতাশা এবং শিশুদের শেখার ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

সংবেদনশীল গোষ্ঠীর ওপর প্রভাব

বয়স্ক এবং অসুস্থ মানুষদের জন্য দূষণের প্রভাব আরও তীব্র। হঠাৎ শব্দ হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, ঘুমের ব্যাঘাত ঘটায় এবং সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াকে ধীর করে দেয়। বিশেষ করে ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিভ্রান্তি ও আতঙ্ক আরও বেড়ে যেতে পারে।

সহমর্মিতার প্রয়োজনীয়তা

আমাদের দৈনন্দিন আচরণ অনেক সময় অজান্তেই অন্যের কষ্টের কারণ হয়ে ওঠে। অপ্রয়োজনীয় উচ্চ শব্দ বা অসচেতন কাজের ফলে পাশের বাড়ির অসুস্থ মানুষ, পড়াশোনা করা শিশু বা বিশ্রামরত বয়স্ক মানুষ সমস্যায় পড়তে পারেন। তাই সচেতনতার পাশাপাশি সহমর্মিতাও সমান জরুরি।

দূষণের অন্যান্য রূপ

পরিবেশ দূষণ শুধু বায়ু বা জলে সীমাবদ্ধ নয়-
মাটি দূষণ: প্লাস্টিক ও রাসায়নিকের কারণে মাটির উর্বরতা কমে যাচ্ছে
আলোক দূষণ: অতিরিক্ত কৃত্রিম আলো আমাদের স্বাভাবিক ঘুমের চক্রকে ব্যাহত করছে

মানসিক স্বাস্থ্যের সঙ্গে গভীর সংযোগ

আধুনিক গবেষণায় দেখা যাচ্ছে, পরিবেশ দূষণ শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলে। দূষণের কারণে শরীরে প্রদাহ বাড়ে, যা উদ্বেগ (Anxiety), বিষণ্ণতা (Depression) এবং শিশুদের মেধা বিকাশে বাধা সৃষ্টি করতে পারে

তাই শরীর এবং মন-উভয়কেই সুস্থ রাখতে দূষণ নিয়ন্ত্রণে রাখা এবং মাস্ক ব্যবহারের মতো সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

সমাধানের পথ: ছোট পদক্ষেপ, বড় পরিবর্তন

সমস্যা যত বড়ই হোক, সমাধান শুরু হয় ছোট ছোট অভ্যাস থেকে-

  • গাছ লাগানো ও সবুজ বাড়ানো- যত বেশি গাছ, তত বেশি পরিষ্কার বাতাস। তাই সাধ্য মতো যতটা পারা যায় গাছ লাগানো আমাদের অভ্যাস করা উচিত।
  • পুরনো যানবাহনের ব্যবহার কমানো- পুরনো গাড়ি বেশি দূষিত ধোঁয়া ছাড়ে। তাই সম্ভব হলে নতুন বা কম দূষণকারী যানবাহন ব্যবহার করা দরকার।
  • প্লাস্টিক কম ব্যবহার করা- প্লাস্টিক হচ্ছে নন-বায়োডিগ্রেডেবল যা সহজে নষ্ট হয় না, তাই বাজারে বা অন্য যে কোনো সময় কাপড় বা কাগজের ব্যাগ ব্যবহার করার চেষ্টা করুন
  • জল পরিষ্কার রাখা- নদী, পুকুর বা খালে ময়লা বা আবর্জ্য ফেলা বন্ধ করতে হবে। পরিষ্কার জল মানে সুস্থ জীবন।
  • শব্দ কমানো অভ্যাস করা- অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করা এবং কম ভলিউমে শব্দ ব্যবহার করা উচিত।
  • নিজেদের ছোট ছোট অভ্যাস বদলানো- রাস্তা পরিষ্কার রাখা, ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলা-এই ছোট অভ্যাসগুলোই বড় পরিবর্তন আনে আমাদের জীবনে।
Person distressed in bed at night Pollution and Health Impacts
ছবিটি প্রতীকী (সৌজন্যে AI)

বিশেষ বার্তা
পরিবেশ দূষণ আজ আর শুধু প্রকৃতির সমস্যা নয়, এটি আমাদের জীবন, স্বাস্থ্য এবং ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি বাস্তবতা। তবে আশা এখনো শেষ হয়ে যায়নি। ছোট ছোট সচেতন সিদ্ধান্ত, দায়িত্বশীল আচরণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই পরিস্থিতির পরিবর্তন আনতে পারি। পরিবেশকে রক্ষা করা মানে আসলে নিজেদের জীবন এবং ভবিষ্যৎকে রক্ষা করা।

আপনার সুস্থতা ও সচেতনতাই আমাদের কাম্য। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে সচেতন হতে সাহায্য করুন।


লেখক পরিচিতি

Bratati Sinha Roy

ব্রততী সিনহা রায় একজন পেশাদার কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। তবে তাঁর কাজের ধরনকে আলাদা করে তোলে তাঁর গভীর মানবিকতা ও হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। তিনি শুধুমাত্র সমস্যার সাময়িক সমাধানে বিশ্বাসী নন; বরং মানুষের ভেতর থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠার পথ তৈরি করাই তাঁর মূল লক্ষ্য।

তিনি একটি হলিস্টিক অ্যাপ্রোচ অনুসরণ করেন, যেখানে বিভিন্ন ধরনের থেরাপির পাশাপাশি মানুষের মানসিক সুস্থতার ক্ষেত্রে স্পিরিচুয়াল দিককেও গুরুত্ব দেন। এই সমন্বিত দৃষ্টিভঙ্গিই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

নিজের জীবনের নানা অভিজ্ঞতা তাঁকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে তিনি মানুষের মানসিক কষ্টকে গভীরভাবে উপলব্ধি করতে পারেন। সেই অভিজ্ঞতা থেকেই তাঁর মধ্যে তৈরি হয়েছে মানুষের পাশে থাকার, তাদের ভালো রাখার এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার এক আন্তরিক ইচ্ছা।

এই বিশ্বাস এবং শিক্ষা থেকেই তিনি নিজেকে প্রতিনিয়ত আরও সমৃদ্ধ করে তুলছেন—শুধু একজন পেশাদার হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও—যাতে তিনি অন্যদের জীবনে সত্যিকারের সুস্থতা ও শান্তি নিয়ে আসতে পারেন।



Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment