পাকিস্তান ক্রিকেটের দুর্দশার জন্য এবার সরাসরি ইমরান খানকে কাঠগড়ায় তুললেন দেশের প্রাক্তন প্রধান নির্বাচক হ্যারুন রশিদ। তাঁর দাবি, ইমরান খানের আমলে ঘরোয়া ক্রিকেটে দলের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্তই পাকিস্তানের ক্রিকেট কাঠামোয় বড় ধাক্কা দিয়েছে। উদ্দেশ্য ভালো থাকলেও সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কাজে আসেনি। (Pakistan Cricket Crisis)
ছয় দলের সিদ্ধান্তেই বিপদ?
ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের সময়ে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দলের সংখ্যা কমিয়ে আনা হয়েছিল। ১০-১৬টি দলের বদলে কাঠামোকে নামিয়ে আনা হয় মাত্র পাঁচ-ছয়টি দলে। হ্যারুনের দাবি, এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের প্রতিভা তৈরির পথ আরও সংকুচিত করেছে।
ইমরান সরকারের তৈরি ঘরোয়া ক্রিকেট কাঠামো নিয়ে গঠিত টাস্ক ফোর্সের সদস্য ছিলেন হ্যারুন। একটি পডকাস্টে তিনি বলেন, সেই সময় তাঁরা ইমরানের কাছে একটি ‘হাইব্রিড’ মডেল জমা দিয়েছিলেন। সেখানে আটটি দল রাখার পাশাপাশি বিভাগীয় দলগুলিকেও ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দেওয়ার প্রস্তাব ছিল। কিন্তু সেই প্রস্তাব ইমরান সরাসরি খারিজ করে দেন বলে দাবি হ্যারুনের। তাঁর কথায়, তাঁরা ধীরে ধীরে নতুন কাঠামোয় যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশ মানতেই হয়েছিল। ইমরানের উদ্দেশ্য ভালো হলেও সিদ্ধান্তটি পাকিস্তান ক্রিকেটের জন্য কাজ করেনি। (Pakistan Cricket Crisis)
ভারতের সঙ্গে বড় ফারাক
হ্যারুনের মতে, পাকিস্তানের সমস্যা আরও স্পষ্ট হয় ভারতের ঘরোয়া ক্রিকেটের দিকে তাকালে। ভারতে রঞ্জি ট্রফির এলিট গ্রুপেই ৩২টি দল রয়েছে। এর পাশাপাশি রয়েছে দলীপ ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি। রাজ্য সংস্থাগুলির নিজস্ব প্রতিযোগিতা এবং ক্লাব ক্রিকেটও রয়েছে। (Pakistan Cricket Crisis)
ফলে ভারতের হাতে নিয়মিত ক্রিকেট খেলার জন্য অনেক বেশি ক্রিকেটার থাকেন। পাকিস্তানে সেই সুযোগ কমেছে। হ্যারুনের দাবি, এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাতেই অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত। আঞ্চলিক সংস্থা এবং বিভাগগুলিকে আরও স্বাধীনতা দেওয়ার পাশাপাশি ক্রিকেট প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে। তবেই ফের শক্তিশালী প্রতিভার পাইপলাইন তৈরি হতে পারে।
আরও পড়ুন :- রেফারি ম্যানেজ করে ISL জিতেছে ইস্টবেঙ্গল? বিস্ফোরক দাবি প্রাক্তন কোচের













1 thought on “পাকিস্তান ক্রিকেটের সংকটে ইমরানকে কাঠগড়ায় তুললেন হ্যারুন রশিদ”