---Advertisement---
lifezone nursing home

Ranji Trophy 2025-26: সুদীপের সেঞ্চুরি, রঞ্জি ট্রফির সেমির প্রথম দিনে এগিয়ে বাংলা

February 15, 2026 6:32 PM
Ranji Trophy 2025-26
---Advertisement---

রঞ্জি ট্রফির সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম দিনের শেষে সুদীপ কুমার ঘরামির দুরন্ত শতরানে ভর করে লড়াইয়ে ফিরল বাংলা। বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি মাঠে টস জিতে প্রথমে বাংলাকে ব্যাট করতে পাঠায় প্রতিপক্ষ (Ranji Trophy 2025-26)। দিনের শেষে ৭৯.৫ ওভারে ৫ উইকেটে ২৪৯ রান তুলে শক্ত অবস্থানে রয়েছে বাংলা। ২২৭ বলে ১৩৬ রানে অপরাজিত রয়েছেন ঘরামি, তাঁর ইনিংসে রয়েছে ১৯টি চার ও একটি ছক্কা।

ম্যাচের শুরুটা অবশ্য মোটেই ভালো হয়নি বাংলার। মাত্র ৪ রানের মাথায় শূন্য করে ফিরে যান সুদীপ চট্টোপাধ্যায়। এরপর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও ঘরামি মিলে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস সামলান। অভিমন্যু ৯৬ বলে ৪৯ রান করে আউট হন। চারে নেমে সুরজ সিন্ধু জয়সওয়াল শূন্য রানে ফেরেন, অনুষ্টুপ মজুমদার করেন ১৪।

হ্যান্ডশেক করবে ভারত-পাকিস্তান? যা জানালেন অধিনায়করা…

একসময় ১৫৫ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলা। সেই পরিস্থিতিতে ফের ত্রাতার ভূমিকায় ঘরামি। শাহবাজ আহমেদের সঙ্গে পঞ্চম উইকেটে ৯৪ রানের জুটি গড়ে দলকে ভরসা দেন তিনি। শাহবাজ ৯১ বলে ৪২ করে এলবিডব্লিউ হন।

কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ২৯৯ রানের অবিস্মরণীয় ইনিংস খেলা ঘরামি সেমিতেও একই ছন্দ ধরে রেখেছেন। ধৈর্য ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে তিনি জম্মু ও কাশ্মীরের বোলারদের চাপে রেখেছেন।

দিনের শেষে বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, বড় স্কোর গড়াই লক্ষ্য এবং দ্বিতীয় দিনে যতটা সম্ভব দীর্ঘ সময় ব্যাট করতে চাইছে দল। সুদীপের ব্যাটে ভর করে বাংলার বড় রানের আশা জোরালো হয়েছে। এখন দেখার, দ্বিতীয় দিনে এই ভিত কতটা বড় ইনিংসে পরিণত করতে পারে বাংলা।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment