ভারতীয় ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে মহম্মদ সামি। রঞ্জি ট্রফির সেমিফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বাংলার হয়ে প্রথম ইনিংসে একাই আট উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার দাবি জোরালো করেছেন তিনি। সামির দুরন্ত পারফরম্যান্সের পর ক্রিকেটপ্রেমীদের একাংশ প্রশ্ন তুলেছেন—এমন অভিজ্ঞ পেসার কেন এখনও ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না? এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly on Mohammed Shami)। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি জানান, সামির মতো উচ্চমানের ক্রিকেটারকে দলে না রাখা অবাক করার মতো। বয়স ৩৫ হলেও এখনও সর্বোচ্চ স্তরে পারফর্ম করার সামর্থ্য রয়েছে তাঁর, তাই বয়স কোনও বাধা হওয়া উচিত নয় বলেই মত সৌরভের।
একই অনুষ্ঠানে বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়েও আশাবাদী সুর শোনা যায় তাঁর কণ্ঠে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও ভারতকে অন্যতম ফেভারিট বলে মনে করেন তিনি। পাশাপাশি ঈশান কিষানের কামব্যাক ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সেরও প্রশংসা করেন সৌরভ, জানিয়ে দেন ভবিষ্যতে ভারতের হয়ে বড় ভূমিকা নিতে পারেন এই উইকেটকিপার-ব্যাটার।
৮ উইকেট তুললেই ফাইনালে, রঞ্জিতে অ্যাসিড টেস্টের সামনে বাংলা
অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আবহের মধ্যেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের একাধিক কিংবদন্তি ক্রিকেটার। জেলে থাকা ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। তাঁর জন্য উন্নত চিকিৎসা ও মানবিক ব্যবহারের দাবিতে ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক যৌথভাবে আবেদন জানিয়েছেন।
সেই তালিকায় নাম রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। তিনি বলেন, ‘ইমরান খান পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং তাঁকে প্রাপ্য সম্মান দেওয়া উচিত।’ দ্রুত সুস্থতা কামনা করে সৌরভ আশা প্রকাশ করেছেন, পাকিস্তান সরকার তাঁর যথাযথ চিকিৎসা ও দেখভালের ব্যবস্থা করবে।












