রাজ্য হ্যান্ডবলে নিজেদের দাপট বজায় রাখল সেন্ট্রাল কলকাতার মহিলা দল ও ওয়েস্ট কলকাতার পুরুষ দল (State Handball Championship 2026)। ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ মাঠে আয়োজিত ২১তম সিনিয়র স্টেট হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগে গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন হল সেন্ট্রাল কলকাতা। ফাইনালে তারা ২০-১১ গোলে জলপাইগুড়িকে হারিয়ে শিরোপা নিজেদের দখলে রাখে। এই বিভাগে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ওয়েস্ট কলকাতা ও নদীয়া।
পুরুষদের বিভাগেও জমজমাট ফাইনাল ম্যাচ দেখা যায়। টানটান লড়াইয়ের শেষে ওয়েস্ট কলকাতা ২৮-২৫ গোলে উত্তর ২৪ পরগনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তৃতীয় স্থানে জলপাইগুড়ি এবং চতুর্থ স্থানে শেষ করে আলিপুরদুয়ার।
মহিলা বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সেন্ট্রাল কলকাতার মৌমিতা রায়। তাঁরই দলের বীথিকা রাভা ফাইনালে ৮টি গুরুত্বপূর্ণ গোল করে নজর কাড়েন। অপরদিকে, জলপাইগুড়ির সোমা সেন সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন।

পুরুষদের বিভাগে ওয়েস্ট কলকাতার তরুণ মাহাতো সেরা খেলোয়াড়ের সম্মান পান, আর সেরা গোলকিপার হন দেবাশীষ কর্মকার।
এই প্রতিযোগিতাকে সামনে রেখে তৈরি হচ্ছে আসন্ন সিনিয়র জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের বাংলা দল। চলতি মাসের শেষদিকে উত্তর প্রদেশের বারেলিতে অনুষ্ঠিত হবে সেই প্রতিযোগিতা, যেখানে অংশ নেবে ১৪ সদস্যের দল।
এবারের চ্যাম্পিয়নশিপে পুরুষদের বিভাগে ৮টি এবং মহিলাদের বিভাগে ৯টি দল অংশ নেয়। সাম্প্রতিক সময়ে হ্যান্ডবলে সরকারি চাকরির সুযোগ বাড়ায় খেলাটির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেনাবাহিনী, সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, কোস্টাল গার্ড, পোস্টাল ও পুলিশ বিভাগে হ্যান্ডবল খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে।
রাজ্য হ্যান্ডবল সংস্থার টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জিয়ারুল রহমান মন্ডল জানিয়েছেন, চাকরির ক্ষেত্রে মেয়েদের সাফল্যের হার তুলনামূলক বেশি। ফলে ভবিষ্যতে বাংলার হ্যান্ডবলে আরও শক্তিশালী মহিলা দল গড়ে উঠবে বলে আশাবাদী তিনি।
ভেস পেজের স্মরণে ক্রিকেট ম্যাচ, সিসিএফসি মাঠে চাঁদের হাট













1 thought on “State Handball Championship 2026: শেষ হলো রাজ্য হ্যান্ডবল, পুরুষ ও মহিলা বিভাগে দাপট রইল কলকাতার”