আজকাল অনেকের ফোনেই একটি অজানা নম্বর থেকে কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে— “নমস্কার, ক্যুরিয়ার সার্ভিস থেকে বলছি। আপনার নামে একটি পার্সেল এসেছে, কিন্তু ঠিকানায় ভুল থাকায় ডেলিভারি হচ্ছে না।” অথবা বলা হচ্ছে, “তাইওয়ান থেকে আসা আপনার পার্সেলটিতে বেআইনি জিনিস মিলেছে।”
আপনি হয়তো সম্প্রতি কিছুই অর্ডার করেননি, তাও কৌতূহলবশত বা ভয়ে জানতে চাইলেন কী পার্সেল। আর ঠিক এখানেই লুকিয়ে আছে সাইবার জালিয়াতির এক মারাত্মক ফাঁদ! সাইবার দুনিয়ায় এটি এখন ‘ফেডেক্স স্ক্যাম’ বা ‘ক্যুরিয়ার স্ক্যাম’ নামে পরিচিত। (Cyber Scam)
ফাঁদটা ঠিক কীভাবে পাতা হয়?
জালিয়াতরা মূলত দুটি উপায়ে সাধারণ মানুষকে ঠকায়:
ফিশিং লিঙ্ক: প্রথমে মোবাইলে একটি লিঙ্ক পাঠানো হয়। বলা হয়, ওই লিঙ্কে ক্লিক করে মাত্র ৫ বা ১০ টাকা ‘ডেলিভারি ফি’ দিয়ে ঠিকানাটি আপডেট করে নিতে। পেজটি দেখতে অবিকল আসল ওয়েবসাইটের মতো মনে হলেও, সেটি আসলে নকল। ওই লিঙ্কে ক্লিক করে ৫ টাকা পেমেন্ট করতে গেলেই আপনার কার্ডের ডিটেইলস বা ইউপিআই (UPI) পিন জালিয়াতদের হাতে চলে যাবে। নিমেষেই ফাঁকা হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
ডিজিটাল অ্যারেস্ট: অনেক সময় কলার আপনাকে ভয় দেখাবে যে আপনার নামে আসা পার্সেলে মাদক, জাল পাসপোর্ট বা বেআইনি সিম কার্ড পাওয়া গেছে। এরপর কলটি সোজা ‘মুম্বই সাইবার পুলিশ’ বা ‘কাস্টমস অফিসার’-এর কাছে ট্রান্সফার করার নাটক করা হয়। এরপর হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলে পুলিশের উর্দি পরা এক ব্যক্তি আপনাকে আইনি ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়ে মোটা টাকা দাবি করবে।
কীভাবে বাঁচবেন এই প্রতারণা থেকে?
ভয় পাবেন না: আপনি নিজে কোনো জিনিস অর্ডার না করে থাকলে, এ ধরনের কল এলে সঙ্গে সঙ্গে ফোন কেটে দিন এবং নম্বরটি ব্লক করুন।
লিঙ্কে ক্লিক নয়: অচেনা নম্বর বা মেসেজ থেকে আসা কোনও লিঙ্কে ক্লিক করে কখনই পেমেন্ট করতে যাবেন না। নামীদামি ক্যুরিয়ার কোম্পানিগুলো কখনোই এভাবে মেসেজে লিঙ্ক পাঠিয়ে টাকা চায় না। (Cyber Scam)
ভিডিয়ো কলে জেরা হয় না: মনে রাখবেন, ভারতের আসল পুলিশ বা সিবিআই কখনোই হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলে কাউকে জেরা করে না বা ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে না।
আজকের টোটকা: যদি দুর্ভাগ্যবশত কোনও সাইবার প্রতারণার শিকার হন, তবে ঘাবড়ে না গিয়ে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০-এ কল করে অভিযোগ জানান। ঘটনা ঘটার প্রথম ১ ঘণ্টার (‘গোল্ডেন আওয়ার’) মধ্যে অভিযোগ জানালে খোয়া যাওয়া টাকা ব্লক করে ফেরত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এছাড়া, cybercrime.gov.in ওয়েবসাইটে গিয়েও বিস্তারিত অভিযোগ জানাতে পারেন। (Cyber Scam)
আরও পড়ুনঃ অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ফাইল পাঠাতে চান? কীভাবে করবেন? জেনে নিন ৫টি সহজ উপায়











