কম্পিউটার বা ল্যাপটপের কীবোর্ডে টাইপ করার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন, F এবং J কী-এর উপর ছোট্ট উঁচু দাগ বা বাম্প থাকে। অনেকেই এটিকে কীবোর্ড তৈরির সময়ের কোনও চিহ্ন বা ডিজাইনের অংশ বলে মনে করেন। কিন্তু আসলে এই ছোট্ট দাগের পিছনে রয়েছে বেশ গুরুত্বপূর্ণ একটি কারণ।
আসলে এই বাম্পের মূল কাজ হলো চোখ না রেখেই কীবোর্ডে হাতের অবস্থান বুঝতে সাহায্য করা। বিশেষ করে যারা টাচ টাইপিং করেন, তাঁদের জন্য এটি খুবই কাজে লাগে।
Tech Tips: কেন শুধু F আর J-তে এই দাগ?
স্ট্যান্ডার্ড QWERTY কীবোর্ডে F এবং J কী দু’টি প্রায় মাঝামাঝি জায়গায় থাকে। টাচ টাইপিংয়ের সময় বাম হাতের তর্জনী থাকে F-এর উপর এবং ডান হাতের তর্জনী থাকে J-এর উপর। এই দুই জায়গা থেকেই হাতের বাকি আঙুলগুলি নির্দিষ্ট কী-এর উপর ছড়িয়ে থাকে।
তাই চোখ না তুলে আঙুল দিয়ে F এবং J-এর উঁচু দাগ দু’টি খুঁজে নিলেই বোঝা যায়, হাত ঠিক জায়গায় রয়েছে কি না। এরপর বাম হাতের আঙুলগুলি A, S, D, F এবং ডান হাতের আঙুলগুলি J, K, L ও সেমিকোলন কী-এর দিকে অবস্থান নেয়।
টাচ টাইপিংয়ে কেন এত গুরুত্বপূর্ণ?
ধরুন, আপনি দ্রুত কোনও ই-মেল লিখছেন বা অনেকক্ষণ ধরে রিপোর্ট টাইপ করছেন। বারবার কীবোর্ডের দিকে তাকালে টাইপ করার গতি কমে যায়। কিন্তু F এবং J-এর বাম্পে আঙুল ছোঁয়ালেই বোঝা যায় হাতের অবস্থান ঠিক আছে কি না।
বিশেষ করে নতুন টাইপিং শেখার সময় এই দাগ দু’টি অনেকটা শুরু করার জায়গা বা গাইড হিসেবে কাজ করে। পুরো কীবোর্ড একসঙ্গে মুখস্থ করার বদলে প্রথমে F এবং J-এর অবস্থান বুঝে নিলেই ধীরে ধীরে অন্য কী-গুলির অবস্থানও আয়ত্তে চলে আসে।
শুধু সুবিধার জন্য নয়, accessibility-এর সঙ্গেও যুক্ত
এই ছোট্ট বাম্পের আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আমেরিকার সরকারি Section 508 accessibility requirements-এ অ্যালফাবেটিক কীবোর্ডের ক্ষেত্রে F এবং J কী-কে অন্য কী-এর তুলনায় স্পর্শের মাধ্যমে আলাদা করে চেনার কথা বলা হয়েছে। অর্থাৎ, এটি শুধু দেখতে বা টাইপ করতে সুবিধা দেওয়ার জন্য নয়, চোখের সাহায্য ছাড়াই কীবোর্ড চেনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। (Tech Tips)
এর ফলে দৃষ্টিশক্তি কম এমন ব্যবহারকারীরাও স্পর্শের মাধ্যমে কীবোর্ডের গুরুত্বপূর্ণ অবস্থান বুঝতে পারেন। আবার একই সুবিধা সাধারণ ব্যবহারকারীরাও পান।
তাই পরের বার কীবোর্ডে টাইপ করার সময় F আর J-এর ছোট্ট উঁচু দাগ দু’টির দিকে একবার খেয়াল করুন। দেখতে সামান্য হলেও, চোখ না তুলে সঠিক জায়গায় হাত রাখার পিছনে এই ছোট্ট বাম্পের ভূমিকা কিন্তু বেশ বড়।













1 thought on “কীবোর্ডের F আর J-তে কেন থাকে ছোট্ট দাগ? জানলে অবাক হবেন আপনিও”
Comments are closed.