মুর্শিদাবাদ, বহরমপুর এলাকার এসডিও-র নির্দেশে বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবৈধভাবে নির্মিত একটি গ্যারেজ উচ্ছেদ অভিযান চালাল বহরমপুর পৌরসভা। সোমবার সকালে এই অভিযান হয়।
বহরমপুরের এসডিও শুভঙ্কর রায় জানান, সংশ্লিষ্ট এলাকায় এক ব্যক্তি সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে গ্যারেজ চালাচ্ছিলেন। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দেওয়া হয় এবং জমি সংক্রান্ত বৈধ নথিপত্র দেখাতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনও বৈধ নথি উপস্থাপন করতে না পারায় প্রশাসনের পক্ষ থেকে গ্যারেজটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযান চলাকালীন এলাকায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয়েছিল যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
এসডিও শুভঙ্কর রায় আরও জানান, ভবিষ্যতেও বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও নির্মাণের বিরুদ্ধে এই ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে ।











