সকাল থেকে কখনও রোদ, আবার মুহূর্তেই আকাশ ঢেকে যাচ্ছে মেঘে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ মেঘের আনাগোনা। এমনই বদলে যাওয়া আবহাওয়ার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্তের প্রভাবে ১২ অগস্ট এর আশপাশে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরে ১১ থেকে ১৪ অগস্ট দক্ষিণবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর। (Weather Update)
কেমন থাকবে কলকাতায়?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ কখনও আংশিক মেঘলা, আবার কখনও মেঘলা থাকতে পারে। মাঝে রোদের দেখা মিললেও ফের মেঘে ঢাকতে পারে আকাশ। কালো মেঘ তৈরি হলে শহরের কিছু এলাকায় হালকা বৃষ্টিও হতে পারে। তবে আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই।
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গেও আগামী দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা নেই। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রপাতের সম্ভাবনা বেশি।
১১ থেকে ১৪ অগস্ট কোথায় ভারী বৃষ্টি?
১১ অগস্ট দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ১২ অগস্ট দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। ১৩ অগস্ট তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া। (Weather Update)
১৪ অগস্ট আরও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মূলত উপকূল এবং উপকূলের কাছাকাছি পশ্চিমের জেলাগুলিতেই বৃষ্টির প্রভাব বেশি হতে পারে।
সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের
নিম্নচাপের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তাই ১১ থেকে ১৪ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপ কোথায় তৈরি হবে এবং কোন পথে এগোবে, তা এখন নজরে রাখছে আবহাওয়া দপ্তর। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পূর্বাভাস জানানো হবে। (Weather Update)













1 thought on “ফের ভারী বৃষ্টির সতর্কতা, কবে থেকে কোথায় ভারী বৃষ্টির পূর্বাভাস ?”