রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ে বদলে যাচ্ছে সিলেবাস, সঙ্গে রয়েছে আরও চমক

Published on: April 27, 2026
---Advertisement---

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের শিক্ষাব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ভাবনা শুরু হয়েছে। নতুন শিক্ষানীতি (NEP) কার্যকর হওয়ার পর থেকেই পাঠক্রম, ক্লাসের সময়সূচি এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে নানা সমস্যা সামনে আসছে। সেই পরিস্থিতি সামাল দিতেই এবার সিলেবাসে পরিবর্তন এবং উপস্থিতির ভিত্তিতে নম্বর দেওয়ার বিষয়টি নতুন করে খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। (Calcutta University)

“এই সময়” সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠকে এই বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা হয়। সেখানে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে আসে পর্যাপ্ত ক্লাস না হওয়া। ইউজিসি-র নিয়ম অনুযায়ী প্রতিটি সেমেস্টারে প্রায় ৯০টি কার্যদিবস থাকার কথা থাকলেও বাস্তবে বহু কলেজে ভর্তি প্রক্রিয়ায় দেরি, সরকারি ছুটি, নির্বাচন এবং প্রশাসনিক নানা কারণে সেই সময় অনেকটাই কমে যাচ্ছে। ফলে শিক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হিমশিম খাচ্ছেন। (Calcutta University)

এই সমস্যার সমাধানে সিলেবাসের কিছু অংশ সংক্ষিপ্ত করার প্রস্তাব উঠেছে। বিশেষ করে যেসব বিষয় অত্যন্ত বিস্তৃত বা পুনরাবৃত্তিমূলক, সেগুলি নতুন করে সাজানোর কথা ভাবা হচ্ছে। পাশাপাশি বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও ব্যবহারিক ও কর্মমুখী বিষয় অন্তর্ভুক্ত করার দিকেও নজর দেওয়া হচ্ছে।

অন্যদিকে, পড়ুয়াদের ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও বিশ্ববিদ্যালয় নতুন পদক্ষেপ নিতে পারে। আগে উপস্থিতির জন্য নির্দিষ্ট নম্বর দেওয়ার ব্যবস্থা থাকলেও নতুন চার বছরের স্নাতক কোর্সে তা বদলানো হয়। বর্তমানে ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। তবে বিশ্ববিদ্যালয়ের একাংশ মনে করছে, শুধুমাত্র নিয়ম চাপিয়ে না দিয়ে উপস্থিতির সঙ্গে নম্বর যুক্ত করলে ছাত্রছাত্রীরা আরও উৎসাহিত হবে বলে মনে করা হচ্ছে ।

অভ্যন্তরীণ মূল্যায়ন পদ্ধতিতেও বদলের ইঙ্গিত পওয়া যাচ্ছে। লিখিত পরীক্ষার পাশাপাশি প্রজেক্ট, টিউটোরিয়াল এবং প্র্যাকটিক্যালভিত্তিক মূল্যায়নের উপর জোর বাড়তে পারে। (Calcutta University)

যদিও এই সমস্ত প্রস্তাব এখনও আলোচনা স্তরেই রয়েছে। কলেজগুলির মতামত নেওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষামহলের মতে, এই পরিবর্তন বাস্তবায়িত হলে পড়াশোনার মান উন্নত হওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাব্যবস্থা আরও কার্যকর হয়ে উঠতে পারে।

আরও পড়ুন :IIT Bombay: নো ব্যাগ ডে’তে বালতি-হাঁড়ি নিয়ে ক্লাসে পড়ুয়া, ভাইরাল IIT Bombay ক্যাম্পাসের ছবি


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment