মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় রাজ্য সরকারি কর্মীদের বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট (DA Supreme Court Order)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, মহার্ঘ ভাতা কোনও অনুগ্রহ নয়, বরং সরকারি কর্মীদের একটি আইনি অধিকার। ফলে বকেয়া ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে। একই সঙ্গে বকেয়া মেটানোর প্রক্রিয়া তদারকির জন্য একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত।
বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ জানায়, আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ রাজ্যকে মিটিয়ে দিতে হবে। এই নির্দেশ কার্যকর হয়েছে কি না, তার একটি কমপ্লায়েন্স রিপোর্ট ১৫ মে’র মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। সূত্রের খবর, বকেয়া ডিএ মেটাতে রাজ্যের আর্থিক দায় প্রায় ১০ হাজার ৪০০ কোটি টাকা।
ডিএ-র পরিমাণ ও পরবর্তী কিস্তি নিয়ে আলোচনার জন্য অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে বকেয়া ডিএ মেটানোর রূপরেখা স্থির করবে। আদালত জানিয়ে দিয়েছে, ডিএ পরিবর্তনশীল হলেও বকেয়া ২৫ শতাংশ দেওয়ার প্রশ্নে কোনও আপস হবে না।
প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া ডিএ দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল ও পরে কলকাতা হাইকোর্ট রাজ্য কর্মীদের পক্ষেই রায় দিয়েছিল। ২০২২ সালের ২০ মে কলকাতা হাইকোর্ট রাজ্যকে কেন্দ্রের সমতুল্য ডিএ দেওয়ার নির্দেশ দেয়। সেই রায়কেই চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়।
বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পান, যেখানে কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৫৮ শতাংশ। এই ৪০ শতাংশের ফারাক ঘিরেই দীর্ঘদিনের অসন্তোষ। সুপ্রিম কোর্টের এই রায়ে স্পষ্ট, বকেয়া ডিএ আর পিছিয়ে দেওয়ার সুযোগ নেই—রাজ্যকে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তা মেটাতে হবে।










