---Advertisement---
lifezone nursing home

Durgapur Gas Leak: জাতীয় সড়কে সেনা ছাউনির কাছে গ্যাস লিক, রবিবার সকালে চাঞ্চল্য পানাগড়ে

January 18, 2026 1:02 PM
Durgapur Gas Leak
---Advertisement---

জাতীয় সড়কে গ্যাস লিকের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের পানাগড়ে (Durgapur Gas Leak)। রবিবার (১৮ জানুয়ারি) সকালে পানাগড় এলাকায় কলকাতা–আগ্রা ১৯ নম্বর জাতীয় সড়কের উপর গ্যাসের ক্যাপসুল বোঝাই একটি ট্রেলার থেকে হঠাৎ গ্যাস বেরোতে শুরু করে। ঘটনাটি ঘটে পানাগড় বায়ুসেনা ও সেনা ঘাঁটির কাছাকাছি এলাকায়, ফলে আতঙ্ক আরও বাড়ে স্থানীয়দের মধ্যে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ট্রেলারটি কলকাতার দিকে যাচ্ছিল। চলন্ত অবস্থাতেই চালক লক্ষ্য করেন, ট্রেলারের ভিতরে থাকা একটি ক্যাপসুল থেকে গ্যাস লিক হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি দ্রুত গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে দেন এবং সঙ্গে সঙ্গে খবর দেন কাঁকসা থানা-তে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী।

নিরাপত্তার স্বার্থে পুলিশ কলকাতাগামী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। পুরো এলাকাকে ‘বিপজ্জনক’ ঘোষণা করে সতর্কতামূলক ফিতে টাঙিয়ে ঘিরে দেওয়া হয়। এর ফলে ওই রুটে যান চলাচল কিছু সময়ের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ট্রেলারে মোট আটটি গ্যাস ক্যাপসুল ছিল। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, সেগুলিতে মিথেন বা সিএনজি জাতীয় গ্যাস ভর্তি ছিল, যদিও কোন গ্যাস রয়েছে তা নিশ্চিত করা যায়নি।

পানাগড় দমকল কেন্দ্র-এর আধিকারিকরা দ্রুত গ্যাস লিক বন্ধ করার কাজ শুরু করেন। পাশাপাশি সংশ্লিষ্ট গ্যাস সংস্থার টেকনিশিয়ানদেরও ঘটনাস্থলে ডাকা হয়। দমকল আধিকারিকরা জানান, সাধারণ মানুষকে এলাকা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে কী কারণে ক্যাপসুল থেকে গ্যাস লিক হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে পুলিশ।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment