---Advertisement---
lifezone nursing home

কলকাতা পুরসভার মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম, সম্মতি মমতার

June 3, 2026 7:52 PM
Firhad Hakim
---Advertisement---

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিতে চলেছেন ফিরহাদ হাকিম। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি পাওয়ার পর বুধবার তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছেন দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও ফিরহাদ হাকিম বা KMC-র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কথা জানানো হয়নি।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের অন্দরে একাধিক বিষয়ে মতভেদ ও অসন্তোষ সামনে আসতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় কাউন্সিলর এবং জনপ্রতিনিধিদের পদত্যাগ, নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং সাংগঠনিক পুনর্গঠনের দাবি ঘিরে চাপ বাড়ছিলই। এই পরিস্থিতিতেই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের সরে দাঁড়ানোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। (Firhad Hakim Resigns)

দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ফিরহাদ হাকিম পদত্যাগের ইচ্ছার কথা দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে এ নিয়ে জোর জল্পনাও চলছিল। মেয়র হিসেবে ঠিক মতো কাজ করতে পারছেন না বলে জানিয়েছিলেন ফিরহাদ, বিশেষ করে শহরে বেআইনি নির্মাণ ভাঙার ঘটনা ফিরহাদকে না জানিয়ে হচ্ছিল। শেষ পর্যন্ত বুধবার দলনেত্রীর সম্মতি মেলার পরই তিনি আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেন।

২০১৮ সালে কলকাতার মেয়রের দায়িত্ব গ্রহণ করেছিলেন ফিরহাদ হাকিম। পরে ২০২১ সালে কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর ফের মেয়র পদে নির্বাচিত হন তিনি। দীর্ঘ সময় ধরে কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি রাজ্যের পুর ও নগরোন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। (Firhad Hakim Resigns)

বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রতই, মমতাকে পরামর্শদাতা হওয়ার অনুরোধ

ফিরহাদ হাকিমের পদত্যাগের ফলে এখন কলকাতা পুরসভার নতুন মেয়র কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস আগামী দিনে সাংগঠনিক ও প্রশাসনিক স্তরে কী ধরনের পরিবর্তনের পথে হাঁটে, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

ইতিমধ্যে বুধবারই ৫৮ জন বিধায়কের সমর্থনে বিরোধী দলনেতা হয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিনই রাজ্যে দলের সমস্ত কমিটিও ভেঙে দেবার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এই আবহে দলকে আবার নতুন করে সাজাতে চাইছেন মমতা এমনটাই মনে করছেন অনেকে। তবে এমন ডামাডোল পরিস্থিতির মধ্যে ফিরহাদ হাকিমের পত্যাগ নতুন করে রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। (Firhad Hakim Resigns)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment