কলকাতা বিমানবন্দর থেকে প্রায় ১ কোটি টাকার সোনা ও হিরের গয়না উদ্ধার। বিমানবন্দর চত্বরে স্কুটার নিয়ে বেরোনোর সময় এক রাজস্থানের বাসিন্দাকে গ্রেফতার করে বিধাননগর NSCBI থানার পুলিশ। উদ্ধার হওয়া গয়নার মধ্যে ছিল ৪০০ গ্রামের সোনা ও হিরে এবং ৯০০ গ্রামের রুপোর জিনিসপত্র। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা (Kolkata Airport)।
Kolkata Airport: এত সোনা কোথায় নিয়ে যাচ্ছিলেন?
বুধবার সন্ধায় কলকাতা বিমানবন্দর থেকে সোনা পাচারের এই ঘটনাটি প্রকাশ্যে আসে। সূত্রের খবর, ওই যুবক স্কুটিতে সোনার গহনা নিয়ে বিমানবন্দর থেকে বাইরে দিকে নিয়ে যাচ্ছিলেন। অন্তর্দেশীয় কার্গো উড়ানের পরিসর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। গোপন সূত্রে খবর পেয়ে, সেই সময় NSCBI থানার পুলিশ ওই স্কুটিকে আটকায়। এরপরেই চলে জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রাম অবতার শর্মা। তিনি রাজস্থানের বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৪০০ গ্রাম সোনা, রূপো, হিরে, পান্না। যার বাজার মূল্য ১ কোটি টাকা (Kolkata Airport)।
সূত্রের খবর, ধৃত যুবক প্রথমে কলকাতা বিমানবন্দরে একজনের কাছ থেকে গয়নাগুলি নেন। এরপর স্কুটিতে করে বিমানবন্দর চত্বর থেকে বাইরে বেরনোর চেষ্টা করতে থাকেন। সেই সময় পুলিশ তাঁকে আটকায়। ধৃতের কাছ থেকে পাওয়া হিরে, চুনী, পান্নাও বাজেয়াপ্ত করেছে NSCBI।
সূত্রের খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, কলকাতায় বড়বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল এই সোনা ও রূপোর গয়না। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। তাকে হেফাজতে নিয়ে এই পাচার চক্রে আর কারা কারা জড়িত তদন্ত চালাবে বিধাননগর পুলিশের NSCBI থানার পুলিশ।










