ISI-এর সঙ্গে যোগ এবং দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচারের সন্দেহে উত্তর ২৪ পরগনার হাবরা থেকে এক পাক নাগরিককে গ্রেপ্তার করল বেঙ্গল STF। ধৃতের নাম রানা রউফ ওরফে ওয়াহাব আলম। মঙ্গলবার হাবরার যশোর রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই তদন্তের সূত্র ধরে কলকাতার তপসিয়া থেকেও আরও এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। (Habra Pakistani Citizen)
নেপাল হয়ে ভারতে প্রবেশ
তদন্তকারীদের দাবি, রানা পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। ২০১২ সালে নেপাল হয়ে বেআইনি ভাবে ভারতে ঢোকেন তিনি। পরে বাংলায় থাকতে শুরু করেন। তাঁর কাছ থেকে ভারতীয় পরিচয়পত্রের বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। একটি আধার কার্ডও পাওয়া গিয়েছে। সেখানে তপসিয়ার ঠিকানা দেওয়া ছিল।
রেল ও সেনার গতিবিধিতে নজর?
প্রাথমিক তদন্তে এসটিএফের দাবি, ভারতীয় রেল এবং সেনাবাহিনীর গতিবিধির উপর নজর রাখত রানা। রেল ও নৌসেনা সংক্রান্ত তথ্য পাকিস্তানে পাঠানো হত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার কলকাতা থেকে বনগাঁ সীমান্তের দিকে যাচ্ছিলেন রানা। গোপন সূত্রে খবর পেয়ে হাবরার যশোর রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। (Habra Pakistani Citizen)
তপসিয়ার ব্যক্তির সঙ্গে যোগাযোগ
তদন্তকারীদের সূত্রে খবর, তপসিয়া থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তির সঙ্গে রানার সরাসরি যোগাযোগ ছিল। কলকাতায় এলে রানা তপসিয়ায় ওই ব্যক্তির কাছে থাকত। ভারতীয় পরিচয়পত্র তৈরিতেও তাকে সাহায্য করা হয়েছিল বলে অভিযোগ। তবে এখনও ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।
স্বাধীনতা দিবসের আগে নাশকতার ছক?
স্বাধীনতা দিবসের আগে ধৃতেরা কোনও নাশকতার পরিকল্পনা করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে STF। ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরির চক্রের সঙ্গে তাদের যোগাযোগ ছিল কি না, সেটিও দেখা হচ্ছে। সীমান্ত দিয়ে রানা পালানোর চেষ্টা করছিলেন কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। (Habra Pakistani Citizen)
হামিমকে জেরা করে রানার সন্ধান
গত জুলাইয়ের শেষে বর্ধমান থেকে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করেছিল STF। তার বান্ধবী অর্পিতা সরকার এবং আদিত্য সিংকেও গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে ISI এবং পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির গোষ্ঠীর যোগাযোগের অভিযোগ উঠেছিল।
তদন্তকারীদের দাবি, হামিমকে জেরা করেই রানার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। রানার সঙ্গে হামিমের যোগাযোগ ছিল কি না, ISI-এর সঙ্গে তার সম্পর্ক কতটা গভীর এবং কোনও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে কি না—সব দিক খতিয়ে দেখছে STF। (Habra Pakistani Citizen)
আরও পড়ুন :- গেরুয়া রাখিতে ভরছে বাজার, কালনা থেকে অযোধ্যায় যাচ্ছে হাজার হাজার রাখি









2 thoughts on “স্বাধীনতা দিবসের আগে নাশকতার ছক? হাবরায় পাক নাগরিক গ্রেপ্তার”