রাজাবাজার, খিদিরপুর, পার্কসার্কাস এবং মেটিয়াবুরুজে বাইক চালানোর সময় ফেজ টুপির উপর হেলমেট পরতেই হবে। ধর্মীয় টুপি পরে হেলমেট না পরার প্রবণতা নিয়ে এবার কড়া বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, ধর্মীয় টুপি সম্মানের বিষয় হতে পারে। কিন্তু দুর্ঘটনার সময় তা মাথা রক্ষা করতে পারে না। প্রাণ বাঁচাতে হেলমেট পরতেই হবে। (Helmet Safety)
শনিবার পথ নিরাপত্তা সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পরে স্বাস্থ্যভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও বিষয়টি স্পষ্ট করেন তিনি। তাঁর দাবি, রাজ্যে প্রতিদিন গড়ে ১৮ জনের মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। প্রতি বছর রাজ্যে মৃত্যুর প্রথম তিনটি কারণের মধ্যে পথ দুর্ঘটনা অন্যতম। হেলমেট না পরা এবং সচেতনতার অভাবকেই এর অন্যতম কারণ বলে মনে করেন তিনি। (Helmet Safety)
বাইকে তিন-চারজন নয়
রাজাবাজার এবং খিদিরপুর এলাকায় একটি স্কুটারে চারজন, এমনকি পাঁচজনকেও উঠতে দেখা যায় বলে অভিযোগ করেন মন্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, দু’চাকার গাড়িতে দু’জনের বেশি যাত্রী থাকা উচিত নয়। (Helmet Safety)
বিশেষ করে ছোট শিশুদের নিয়ে বাইকে ওঠার বিষয়েও সতর্ক করেন তিনি। তাঁর কথায়, অনেক সময় মা-বাবার মাঝখানে ছোট শিশুকে বসিয়ে বাইক চালানো হয়। মা-বাবার মাথায় হেলমেট থাকলেও শিশুর মাথায় থাকে না। সামান্য ধাক্কাতেও শিশুটি হাত ফসকে পড়ে যেতে পারে।
মন্ত্রী বলেন, তিনজনের যাতায়াত প্রয়োজন হলে গণপরিবহণ ব্যবহার করা উচিত। জীবনের ঝুঁকি নিয়ে তিনজনকে একটি বাইকে ওঠা ঠিক নয়।
পিছনের আসনেও সিট বেল্ট
চারচাকার গাড়ির যাত্রীদেরও সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। শুধু সামনের আসনে নয়, পিছনের আসনে বসা যাত্রীদেরও সিট বেল্ট বাঁধার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর বার্তা, ধর্মীয় বিশ্বাস বা যাত্রার প্রয়োজনের আগে মানুষের প্রাণের নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে। (Helmet Safety)
আরও পড়ুন :- বিধায়ক পুলিশ সুপারের সামনে হেলমেট বিহীন বাইক চালক, পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে অন্য ছবি গড়িয়ায়










