পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে পুলিশের সচেতনতার বার্তা। আর সেই কর্মসূচির মাঝেই ধরা পড়ল উল্টো ছবি। নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামালগাজি মোড়ে একাধিক বাইক চালককে হেলমেট ছাড়াই যেতে দেখা গেল। পথ নিরাপত্তা নিয়ে লাগাতার প্রচারের পরেও ট্রাফিক আইন ভাঙার এই ছবি নতুন করে প্রশ্ন তুলল। (Road Safety)
৩ অগস্ট থেকে শুরু হয়েছিল পথ নিরাপত্তা সপ্তাহ। রবিবার, ৯ অগস্ট তার শেষ দিনে কামালগাজি মোড়ে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাইক আরোহীদের হেলমেট দেওয়া হয়। ট্রাফিক আইন মেনে চলার আবেদন জানানো হয় সাধারণ মানুষের কাছে।
অনুষ্ঠানে ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার এবং সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস ধর-সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। পুলিশের পক্ষ থেকে বলা হয়, বাইক চালানোর সময় হেলমেট এবং গাড়িতে সিটবেল্ট ব্যবহার বাধ্যতামূলক। মোবাইল ফোন ব্যবহার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকেও বিরত থাকার বার্তা দেওয়া হয়। ট্রাফিক সিগন্যাল ও জেব্রা ক্রসিং মেনে চলার কথাও বলা হয়। (Road Safety)
দুর্ঘটনা কমাতে সারা বছর সচেতনতার বার্তা
পুলিশ সুপার জানান, ৩ অগস্ট থেকে র্যালি, সেমিনার, নাটক এবং সচেতনতামূলক শিবিরের মাধ্যমে মানুষকে ট্রাফিক আইন নিয়ে সচেতন করা হয়েছে। তাঁর দাবি, ২০২৫ সালে দেশে প্রায় ৫.১৩ লক্ষ পথ দুর্ঘটনা হয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ১.৮৩ লক্ষ মানুষ। নিয়ম মেনে চললে বহু দুর্ঘটনা এড়ানো সম্ভব। (Road Safety)
সিগন্যাল ব্যবস্থার উন্নতি এবং খারাপ রাস্তা সংস্কারের বিষয়ে কথা বলেন বিধায়ক দেবাশিস ধর। তিনি জানান, সংশ্লিষ্ট দফতরকে রাস্তার সমস্যার কথা জানানো হয়েছে। গড়িয়া এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে। টোটো ও রিকশার যানজট নিয়েও পরিবহণ দফতরের সঙ্গে আলোচনা চলছে।
CCTV ও AI নজরদারির উদ্যোগ
দেবাশিস ধর বলেন, “হেলমেট ব্যবহারের প্রবণতা আগের তুলনায় বেড়েছে। তবে সব জায়গা এখনও CCTV র আওতায় আসেনি। দ্রুত CCTV ও AI প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।” একইসঙ্গে ট্রাফিক আইন ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান পুলিশ সুপার। (Road Safety)
অনুষ্ঠানে যমরাজের সাজে এক ব্যক্তি হেলমেট পরার বার্তা দেন। তাঁর বক্তব্য, রাস্তায় বেরিয়ে নিরাপদে বাড়ি ফিরতে হলে হেলমেট পরতেই হবে। কারণ একজনের অসতর্কতার প্রভাব পড়ে পুরো পরিবারের উপর। (Road Safety)
আরও পড়ুন :- পুজোর আগে নিরাপত্তায় জোর, রাজপুর-সোনারপুরে উন্নয়নের বার্তা বিধায়ক দেবাশিস ধরের










1 thought on “বিধায়ক পুলিশ সুপারের সামনে হেলমেট বিহীন বাইক চালক, পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে অন্য ছবি গড়িয়ায়”