আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার কলকাতার রেড রোডে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের এই উদযাপনে হাজার হাজার মানুষের উপস্থিতি নজর কেড়েছে। এদিন প্রধানমন্ত্রী বলেন, যোগ আজ বিশ্বের সবচেয়ে বড় উৎসবে পরিণত হয়েছে। দেশ, ভাষা, সংস্কৃতি ও ধর্মের বিভেদ ভুলে বিশ্বের কোটি কোটি মানুষ যোগের মাধ্যমে একসূত্রে আবদ্ধ হয়েছেন। (International Yoga Day)
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২১ জুন পৃথিবীর দীর্ঘতম দিনের অন্যতম। সেই দিনটিই এখন বিশ্ব জুড়ে যোগ দিবস হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি বিশ্বের সকল মানুষকে আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা জানান। একইসঙ্গে কলকাতাবাসীকে ‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিনন্দন জানান।এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল বিষয় ছিল ‘Yoga for Healthy Ageing’ বা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বে মানুষের গড় আয়ু বাড়ছে। কিন্তু শুধু দীর্ঘ জীবন নয়, সুস্থ ও সক্রিয় জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ। যোগ সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাঁর কথায়, “আমাদের লক্ষ্য হওয়া উচিত ২০ বছর বয়সের তুলনায় ৪০ বছর বয়সে আরও বেশি নমনীয় থাকা এবং ৩০ বছর বয়সের তুলনায় ৫০ বছর বয়সে আরও বেশি উদ্যমী থাকা।” (International Yoga Day)
প্রধানমন্ত্রী আরও বলেন, যোগ কেবল শরীরচর্চা নয়। এটি মানুষের মন, শরীর ও আত্মার মধ্যে ভারসাম্য তৈরি করে। যোগ কোনও নির্দিষ্ট বয়সের মানুষের জন্য নয়, শিশু থেকে প্রবীণ—সকলেই এর সুফল পেতে পারেন। বয়স যেন মানুষের সম্ভাবনাকে সীমাবদ্ধ না করে, সেই বার্তাও দেন তিনি। তাঁর মতে, যোগ মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগায় এবং জীবনের প্রতিটি পর্যায়ে উন্নতির অনুপ্রেরণা দেয়। (International Yoga Day)
এদিন রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি, কেন্দ্র ও রাজ্যের একাধিক মন্ত্রী, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা। যোগাভ্যাসের পর প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন। অনেকের যোগাসনের ভুল শুধরে দিতেও দেখা যায় তাঁকে।
উল্লেখ্য, ২০১৫ সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ভারতের প্রস্তাব গ্রহণ করে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তারপর থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি পালন করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের প্রায় ২,৫০০টি স্থানে এবং ২১০টিরও বেশি ভারতীয় মিশন ও পোস্টের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। স্বাস্থ্য, সম্প্রীতি এবং মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা। (International Yoga Day)
আরও পড়ুন :- যোগা দিবসের মহাপ্রস্তুতি, রেড রোডে থাকবেন প্রধানমন্ত্রী








