মালদার গাজোলে পুলিশের অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ ব্রাউন সুগার। বৃহস্পতিবার রাতে গাজোলের শিক্ষকপল্লি এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে প্রায় ৩ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে গাজোল থানার পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে প্রাথমিক অনুমান। ঘটনায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। (Brown Sugar Seizure)
বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযানে পুলিশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিক্ষকপল্লির একটি বাড়ি থেকে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ব্রাউন সুগারের কেনাবেচা চলছিল বলে গোপন সূত্রে খবর আসে। এরপর গাজোল থানার IC কৌশিক বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই বাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় বাড়ির দোতলার একটি ঘর থেকে একাধিক ছোট প্যাকেটে ভরা ব্রাউন সুগার উদ্ধার হয়। সব প্যাকেট মিলিয়ে মোট প্রায় ৩ কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। (Brown Sugar Seizure)
চারজন গ্রেপ্তার, তদন্তে ম্যাজিস্ট্রেট
অভিযানের সময় ঘটনাস্থল থেকেই বেআইনি মাদক পাচার ও কারবারে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং মাদক কোথা থেকে আনা হচ্ছিল বা কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তও করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গাজোলের BDO সুমন ঘোষ। পুলিশ সূত্রের দাবি, এই উদ্ধার জেলার মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য। ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে এবং পুরো পাচারচক্রের হদিশ পেতে তদন্ত আরও জোরদার করা হয়েছে। (Brown Sugar Seizure)
আরও পড়ুন :- ছাদে ফাটল, খসে পড়ছে প্লাস্টার ও সিলিং ফ্যান, তমলুকের সরকারি স্কুলে প্রাণ হাতে নিয়ে পড়াশোনা








