মহারাষ্ট্রের পুনেতে বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ এক পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে খুনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত সুখেন মাহাতো, বাড়ি পুরুলিয়ার বরাবাজারের তুমড়াশোল এলাকায়। কাজের সূত্রে তিনি পুনের কোরেগাঁও ভিমা সংলগ্ন সনৎ বাড়ি এলাকায় একটি গাড়ির পার্টস তৈরির সংস্থায় কর্মরত ছিলেন।
পরিবারের অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণেই তাঁকে মারধর করে খুন করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি কাজ থেকে ফেরার পথে নিখোঁজ হন সুখেন। পরের দিন তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় শিকারপুর থানার অন্তর্গত এলাকা থেকে। দাদা তুলসিরাম মাহাতো থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও বুধবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে।

ঘটনার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “একজন তরুণকে তাঁর ভাষা, পরিচয় ও শিকড়ের জন্য অত্যাচার করে খুন করা হয়েছে। এটি নিছক অপরাধ নয়, এটি ‘হেট ক্রাইম’।” তিনি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সুখেনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, “এই কঠিন সময়ে সারা বাংলা আপনাদের পাশে আছে।”
গত কয়েক মাসে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হামলার একাধিক অভিযোগ উঠেছে। সম্প্রতি মুম্বইয়েও একই ধরনের ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ সামনে আসে। এই প্রেক্ষাপটে পুনের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ভাষা ও পরিচয়ের ভিত্তিতে হিংসার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার দাবি জোরদার হচ্ছে বিভিন্ন মহলে।










