নিজের লেখা বইয়ের রয়্যালটির টাকা এখনও হাতে না পাওয়ার অভিযোগ তুলে বিজেপি সরকারকেই নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, বিজেপির ভয়ের কারণেই প্রকাশকরা রয়্যালটির টাকা দিতে সাহস পাচ্ছেন না। একইসঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে বাধা, অনুমতি না দেওয়া এবং তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন কখনও সরকারি বেতন নেননি। শুধু তাই নয়, সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে যে পেনশন পাওয়ার অধিকার রয়েছে, তাও তিনি গ্রহণ করেন না। তাঁর দাবি, ব্যক্তিগত জীবনের প্রধান আয়ের উৎস তাঁর লেখা বইয়ের রয়্যালটি। কিন্তু চলতি বছরে এখনও সেই অর্থ তাঁর হাতে পৌঁছায়নি।
এদিন তিনি বলেন, “আমি এক পয়সা মাইনেও নিইনি, পেনশনও নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়েই চলে। কিন্তু এ বছর এখনও সেই টাকা পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে অনেকেই চুপ করে বসে আছেন।”
মমতার অভিযোগ, কলকাতা আন্তর্জাতিক বইমেলাসহ বিভিন্ন জায়গায় তাঁর লেখা বই বিক্রি হয়েছে। সাধারণ পাঠকদের পাশাপাশি দলের কর্মী-সমর্থকরাও সেই বই কিনেছেন। এত বিক্রির পরও রয়্যালটির অর্থ না মেলায় তিনি প্রশ্ন তোলেন, এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
উল্লেখ্য, সাহিত্যচর্চার সঙ্গে বহু বছর ধরেই যুক্ত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কবিতা, প্রবন্ধ, গল্প, ভ্রমণকাহিনি এবং বিভিন্ন রাজনৈতিক ভাবনা নিয়ে তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে। বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাতেও তাঁর কয়েকটি বই প্রকাশিত হয়েছে। অতীতেও তিনি একাধিকবার জানিয়েছিলেন, সরকারি বেতন বা পেনশনের পরিবর্তে বইয়ের রয়্যালটির উপরই তিনি নির্ভর করেন।
সালমান-সঞ্জয়ের বন্ধুত্ব ফের চর্চায়, তিন দশকের সম্পর্কের ঝলক
রয়্যালটির প্রসঙ্গের পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে মমতা বলেন, তাঁকে যত বাধা দেওয়া হবে, তিনি তত বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। তাঁর কথায়, “আমাকে যত আটকানোর চেষ্টা করা হবে, আমি তত বেশি শক্তি নিয়ে মানুষের কাছে পৌঁছব। আমি চেয়ারকে কেয়ার করি না, মানুষকে কেয়ার করি।”
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশক মহল বা বিজেপির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। কেন রয়্যালটির অর্থ এখনও দেওয়া হয়নি, সেই বিষয়েও কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। ফলে মমতার এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।









