দিল্লি যাওয়ার আগে ক্ষণিকের সফরে কলকাতায় পা রাখলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো (Marco Rubio In India)। শনিবার সকালে সস্ত্রীক কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সোজা চলে যান তালতলার মাদার হাউসে।
সকাল ৬টা ৫০ মিনিট নাগাদ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতায় মার্কিন কনস্যুলেটের কর্মকর্তারাও তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন।
সেখান থেকে তিনি সোজা চলে যান তালতলার মাদার হাউসে। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর রুবিয়ো নির্মলা শিশুভবন পরিদর্শন করেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেও যান তিনি।
আজই কলকাতার ঝটিকা সফর সেরে দিল্লিতে মার্কো রুবিয়ো। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে বসবেন মার্কিন বিদেশ সচিব।
মার্কিন বিদেশ সচিবের কলকাতায় আগমন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। সকাল থেকেই মাদার হাউস চত্বরে মোতায়েন হয় পুলিশ(Marco Rubio In India)।
এদিন মার্কো রুবিয়োর ভারত সফর নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর। তিনি সেখানে লেখেন, ‘বিদেশসচিব রুবিয়ো কলকাতায় পৌঁছে গিয়েছেন। এটা ওঁর প্রথম ভারত সফর। শনিবারই আমরা দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করব। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, কোয়াড-সহ বিভিন্ন বিষয়ে আগামী কয়েক দিনে আমাদের আলোচনা চলবে।’
দু’দেশের মধ্যে কৌশলগত বোঝাপড়া যখন বাড়ছে, ঠিক সেই সময়েই এই সফর। তাছাড়া, আগামী ২৬ মে নয়াদিল্লিতে কোয়াড (QUAD) ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক রয়েছে। তার আগেও এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ।
সদ্যই পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয়েছে। ক্ষমতার মসনদে বসেছে ভারতীয় জনতা পার্টির সরকার। এই অবস্থায় তার কয়েক সপ্তাহের মধ্যেই আমেরিকার বিদেশসচিবের এই কলকাতা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে পারে বলেই কোন করছে অনেকে। পাশাপাশি, পশ্চিম এশিয়ায় সঙ্কটকালে রুবিয়োর ভারত সফরের নেপথ্যে কূটনৈতিক গুরুত্বও রয়েছে। ভারত বরাবর আলোচনার মাধ্যমে পশ্চিম এশিয়ায় সমস্যার সমাধান এবং শান্তি স্থাপনের পক্ষে কথা বলেছে।












2 thoughts on “ভারত সফরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো, কলকাতায় সময় কাটিয়ে দিল্লিতে”