Site icon Hindustan News Point

জাতীয় ট্রায়ালের ডাকের পরই উধাও, ২৮ ঘণ্টা ধরে নিখোঁজ প্রতিশ্রুতিমান শুটার দময়ন্তী

Missing Shooter Damayanti Sen

[ছবি:এক্স]

জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পাওয়ার আনন্দ তখনও কাটেনি। সামনে ছিল আরও বড় মঞ্চে নিজের প্রতিভা প্রমাণের স্বপ্ন। (Missing Shooter Damayanti Sen) সেই সময়ই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল হাওড়ার ১৫ বছরের প্রতিশ্রুতিমান রাজ্যস্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন। প্রায় ২৮ ঘণ্টা কেটে গেলেও তার কোনও খোঁজ না মেলায় উদ্বেগ ছড়িয়েছে।

মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের অ্যাকাডেমিতে রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ নিত। সম্প্রতি জাতীয় দলের ট্রায়ালের জন্য নির্বাচিত হওয়ার পর সে আরও জোরদার অনুশীলন শুরু করেছিল। প্রতিদিন ভোরে প্র্যাকটিস থাকায় রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত বলেও জানিয়েছে পরিবারের সদস্যরা।

(Missing Shooter Damayanti Sen) পরিবারের দাবি, বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা নাগাদ দুধ ও কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বাড়ি থেকে বের হয় দময়ন্তী। প্রথমে ভেবেছিল, সে হয়তো গঙ্গার ধারে হাঁটতে গিয়েছে। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে CCTV ফুটেজে দেখা যায়, গোলাপি রঙের হাফ টি-শার্ট ও হাফ প্যান্ট পরে হাওড়া স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় একাই হাঁটছে দময়ন্তী। এরপর থেকেই তার আর কোনও খোঁজ মেলেনি। দময়ন্তীর মা মৌমিতা সেন বলেন, শ্রীরামপুর থেকে এক ব্যক্তি ফোন করে জানান, মাহেশের রথে দময়ন্তীকে দেখা গিয়েছিল। সেই সূত্র ধরেও তল্লাশি চালানো হচ্ছে।

বিদেশি নয়, বিশ্বকাপ জয়ে দেশীয় কোচেই বাজিমাত

দময়ন্তীর মোবাইল ফোনটি বাড়িতেই রয়েছে। বাবা ধ্রুবজ্যোতি সেন জানিয়েছেন, বাড়িতে কোনও অশান্তি বা মানসিক চাপের ঘটনা ছিল না। এমনকি দময়ন্তীর ব্যক্তিগত ডায়েরিতেও কোনও মানসিক অস্থিরতার ইঙ্গিত পাওয়া যায়নি। তাঁর কথায়, “কেন এমন হলো, কিছুই বুঝতে পারছি না। পরশু দিনও দুর্দান্ত অনুশীলন করেছে। সামনে আরও প্রতিযোগিতা ছিল।”

(Missing Shooter Damayanti Sen) ঘটনায় হতবাক কোচ ও অলিম্পিয়ান জয়দীপ কর্মকারও। তিনি বলেন, “দময়ন্তী অত্যন্ত প্রতিভাবান শুটার। সম্প্রতি রাজ্যস্তরের প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে এবং জাতীয় পর্যায়েও ভালো সম্ভাবনা ছিল। সামনে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ছিল। হঠাৎ এই ঘটনা বিশ্বাসই করতে পারছি না।”

পরিবারের অভিযোগের ভিত্তিতে হাওড়া থানার পুলিশ নিখোঁজের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। CCTV ফুটেজ, কল রেকর্ড, সম্ভাব্য গতিবিধি এবং অন্যান্য সূত্র খতিয়ে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দময়ন্তীর সন্ধান চেয়ে আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা। প্রতিশ্রুতিশীল এই তরুণী শুটারের দ্রুত সন্ধান মিলবে বলেই আশা পরিবার, কোচ এবং ক্রীড়ামহলের। (Missing Shooter Damayanti Sen)

খোলা রেলগেট পেরোতেই সর্বনাশ, ট্রেনের ধাক্কা স্কুলগাড়িতে, মৃত তিন এবং আহত একাধিক স্কুলপড়ুয়া


Exit mobile version