হাইভোল্টেজ ভবানীপুরে ভোটের আগে উত্তেজনা ক্রমেই বাড়ছে। একদিকে বিজেপির শুভেন্দু অধিকারী, অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় – এই লড়াইকে ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়া এবং বিজেপির রোড শোর পাল্টা জবাবে সকাল থেকেই ভবানীপুরের বিভিন্ন জায়গায় দেখা গেল তৃণমূল কর্মী-সমর্থকের বিক্ষোভ। কালো পতাকা হাতে বিক্ষোভ দেখান তাঁরা।
আজ ২ এপ্রিল, ভবানীপুর বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। কথা মতোই বৃহস্পতিবার সকালে প্রথমে ভবানীপুর গুরুদ্বার এবং তারপরে শরৎ বোস রোডে লক্ষ্মী নারায়ণ মন্দির দর্শন করেন। এরপর অমিত শাহকে সঙ্গে নিয়ে হাজরা মোড়ে রোড শো সেরে যাওয়ার কথা আলিপুরে সার্ভে বিল্ডিংয়ে। (Suvendu Adhikari Road Show)
তবে নির্ধারিত সময়ে শুভেন্দুর সেই রোড শো কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গলির কাছে পৌঁছতেই তৃণমূল কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। শোনা যায় ‘জয় বাংলা’ স্লোগান, পাশাপাশি ‘চোর-চোর’ স্লোগানও দেওয়া হয়। এর জবাবে বিজেপি কর্মীরাও পাল্টা স্লোগান দিতে শুরু করেন। স্লোগান যুদ্ধকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ। উত্তেজনার মধ্যেই ছাদ খোলা গাড়ি থেকে নেমে পড়েন অমিত শাহ। পরে তাঁকে অন্য কনভয়ের উঠতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়। এর কিছুক্ষণ পর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে শাহকে পাশে নিয়েই মনোনয়ন জমা করেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। (Suvendu Adhikari Road Show)
এদিন হাজরা মোড়ে জনসভা থেকে অমিত শাহর গলায় শোনা গেল শুভেন্দুর গুণগান। শাহ বলেন, ভোটের আগে কিছুদিন পশ্চিমবঙ্গে থেকে জনগণের সঙ্গে কথা বলবেন তিনি। এরপরই তিনি জানান, গতবার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু। তাই এইবারও তিনি নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। তবে অমিত শাহ তাঁকে বলেন শুধু নন্দীগ্রাম নয় বরং তৃণমূল নেত্রীর নিজের ঘাঁটি ভবানীপুরেও তাঁকেই লড়তে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ় বিশ্বাস, এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তো হারবেনই, তার সঙ্গে ভবানীপুরেও তাঁর পরাজয় নিশ্চিত।
West Bengal Election 2026 : খড়গপুরে বিক্ষোভের মুখে দিলীপ, মনোনয়ন ঘিরে রাজ্যের দিকে দিকে অশান্তি










