ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সাইলেন্ট পিরিয়ড। বুধবার সকাল থেকে শুরু হবে রাজ্যের দ্বিতীয় দফার ভোট গ্রহণ প্রক্রিয়া (WB Assembly Election 2026)। তার আগে মঙ্গলবার ভোট কর্মীদের চূড়ান্ত তৎপরতা। বিভিন্ন ডিসিআরসি অর্থাৎ ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন ভোট কর্মীরা। ভোট সামগ্রীর সংগ্রহ করে কর্মীরা একে একে সংশ্লিষ্ট বুথের দিকে রওনা দিতে শুরু করেন। প্রখর দাবদাহে রীতিমতো নাজেহাল অবস্থা ভোট কর্মীদের।
আগামীকাল দ্বিতীয় দফার ভোট, উত্তর কলকাতার প্রধান কেন্দ্র নেতাজি ইনডোর স্টেডিয়ামে চূড়ান্ত ব্যস্ততা
কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। উত্তর কলকাতা জন্য প্রধান ডিসিআরসি বা ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভিং সেন্টার হিসেবে কাজ করছে এই স্টেডিয়াম। নেতাজী ইনডোর থেকে এবার মোট ৭ বিধানসভার নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই কয়েক হাজার ভোটকর্মীর ভিড়। ডিসিআরসি-র বিভিন্ন কাউন্টার থেকে ইভিএম, ভিভিপ্যাট-সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা। সিসিটিভি ক্যামেরার নজরদারিতে পুরো স্টেডিয়াম এলাকাকে মুড়ে ফেলা হয়েছে। প্রত্যেক ভোটকর্মীর পরিচয়পত্র পরীক্ষা এবং কিউ-আর কোড স্ক্যান করে তবেই সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে। বুধবার ভোটগ্রহণ শেষের পর, এই স্টেডিয়ামেই তৈরি হওয়া স্ট্রং রুমে জমা থাকবে ইভিএম।
সকাল থেকেই দক্ষিণ করলকাতার বেহালার বিবেকানন্দ কলেজে ভোট কর্মীদের ভিড় দেখা যায়। বেহালা পশ্চিম কেন্দ্র জন্য বিবেকানন্দ কলেজে ডিসিআরসি থেকে ভোটের সামগ্রী সংগ্রহ করে বুথমুখী হন ভোট কর্মীরা।
হাওড়া জেলায় মোট ৪৫১৮ টি বুথে হবে ভোট গ্রহণ। জেলায় ভোটারের ( (WB Assembly Election 2026) সংখ্যা ৩৬,৯৮৭৪১ জন। জেলায় মোট ১২ টি ডিসিআরসি রয়েছে। মঙ্গলবার ডিসিআরসি থেকে ভোটের যাবতীয় সরঞ্জাম সংগ্রহ করে ভোট কর্মীরা নিজ নিজ কেন্দ্রে রওনা দেন।
নদিয়ার কৃষ্ণনগরের সি এম এস স্কুলেও মঙ্গলবার সকাল থেকে একই ছবি দেখা গেল। ভোটের সমস্ত রকম সরঞ্জাম নিয়ে ভোট কর্মীরা বুথের উদ্দেশ্যে রওনা দেন।
ভোটের কাজকর্ম খতিয়ে দেখতে মঙ্গলবার কলকাতার ঘটকপুকুর ডিসিআরসি-তে যান কলকাতা পুলিশের পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। অবাধ ও শান্তি পূর্ণ ভোটের জন্য পুলিশের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও পর্যাপ্ত পুলিশ ফোর্স, মোবাইল QRT টিম, নাকা, অ্যারেস্ট সহ পুলিশের পক্ষ যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।










1 thought on “WB Assembly Election 2026: রাজ্যের ‘ভোট উৎসব’-এর শেষ প্রস্তুতি, ডিসিআরসি থেকে বুথমুখী ভোট কর্মীরা, ভিলেন সেজেছে গরম”