তাপমাত্রার ওঠা-নামার মধ্যেই পারদ চড়বে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে। আগামী পাঁচ থেকে সাত দিনে তাপমাত্রার খামখেয়ালিপানা চলবে। তবে দু’ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে ওঠানামা। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
হালকা কুয়াশা দক্ষিণবঙ্গে এখন নিত্যসঙ্গী। কুয়াশার উপস্থিতি শীতের জানান দিচ্ছে মাত্র। কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। শীতের আমেজ ক্রমশ কমছে ধীরে ধীরে।
আগামী কয়েকদিন উপকূল সংলগ্ন জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। সামগ্রিকভাবে শীত বিদায়ের মেজাজে।
আগামী চার পাঁচ দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও হেরফের নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাতে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। নিচের দিকের জেলাতে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা।
কলকাতা এবং পার্শবর্তী অঞ্চলে রবিবার ১৫.০২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকবে। যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.০৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.০৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৭ শতাংশ সর্বনিম্ন ৪৭ শতাংশ।
আজ সোমবার দিনের আকাশ পরিষ্কার হলেও ভোরে কুয়াশার দাপট। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং ১৫ ডিগ্রির আশপাশে থাকবে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। দিনের বেলায় শীত উধাও। সকালে আর সন্ধ্যায় শীতের হালকা অনুভূতি। কলকাতার তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।










