মাঘের হাড় কাঁপানো শীতের দেখা মেলেনি। শেষ লগ্নে এসে শীত কিছুটা হলেও ফিরে এসেছে। সকালের দিকে বেশ ঠান্ডা অনুভূতি। তবে এই আবহাওয়া একদম সাময়িক। আনুষ্ঠানিকভাবে শীত বিদায় নিতে চলেছে। দুয়ারে বসন্ত উপস্থিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কমতে চলেছে। রবিবারের মধ্যে কলকাতা-সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম থাকবে। ফলে সকালের দিকে এবং রাতের বেলায় শীতের হালকা আমেজ ফের অনুভূত হবে। (Weather News)
আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে। তাপমাত্রা কমার পাশাপাশি দক্ষিণের প্রায় সব জেলাতেই সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার দাপট বেশি থাকতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। (Weather News)
কলকাতার আবহাওয়াতেও শীতের শেষ লগ্নে সামান্য পরিবর্তন দেখা যাচ্ছে। বর্তমানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহান্তে মহানগরের পারদ আরও কিছুটা নামতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরার সম্ভাবনা। ফলে ভোর ও রাতের দিকে আবার শীতের অনুভূতি ফিরতে পারে কলকাতায়। শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে। (Weather News)
অন্যদিকে উত্তরবঙ্গে কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে। কিছু এলাকায় দৃশ্যমানতা কমে ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে আগামী চার থেকে পাঁচ দিন এই অঞ্চলের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস। সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। (Weather News)










