রাজ্যে পালাবদলে কি বদলে যায় বাসের রংও? অতীতেও এর দৃষ্টান্ত রয়েছে। ছাব্বিশের বিধানসভা ভোটে রাজ্যে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। মাত্র ২ মাস হলো রাজপাট সামলাচ্ছেন তাঁরা। এরই মধ্যে নীল-সাদা রং বদলে গেল গেরুয়ায়। রাজ্যে সরকারি বাসে করা হবে গেরুয়া রং। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন, রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং (West Bengal Bus)।
মন্ত্রী (West Bengal Bus) বলেন, “এবার সরকারি বাসের রং হবে গেরুয়া। সিপিএমের সময় ছিল লাল। মানে ডেঞ্জারেস। তৃণমূলের আমলে হলো নীল-সাদা। মানে চুরি। আর গেরুয়া মানে ত্যাগের প্রতীক। আমরা তো রাষ্ট্রবাদী তাই নতুন যে বাস আসবে সেইগুলো গেরুয়া রঙের হবে।”
বাসের ঘাটতি এবং যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে সম্প্রতি মন্ত্রী অর্জুন সিং দুর্গাপুজোর আগেই শহরে ৪৬০টি নতুন বাস চালু করার কথা ঘোষণা করেছিলেন। সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে বাসের নতুন টেন্ডারও ডাকা হয়। এবার বাসের রং নিয়েও মুখ খুললেন মন্ত্রী।
তবে রং বদলের রাজনীতি নতুন নয়, বাংলায় দীর্ঘ ৩৪ বছর বাম সরকারের সময়েও সরকারি বাসগুলির রং ছিল লাল। ২০১১ সালে বাম আমলের পতন হয়। রাজ্যপাট তৃণমূল কংগ্রেসের হাতে আসে। তারপর থেকেই এই বাসগুলির রং বদলে নীল-সাদা করা হয়। শুধু বাসই নয়, রাস্তার রেলিং থেকে শুরু করে হাসপাতাল, সরকারি দফতরের সব ব্লিডিংয়েই নীল-সাদা রং করা হয়। এবার ২৬-শে ভোটে তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় আসার পরই নীল-সাদা রং সরিয়ে করা হবে গেরুয়া রং।









