খড়গপুরে বিক্ষোভের মুখে দিলীপ, মনোনয়ন ঘিরে রাজ্যের দিকে দিকে অশান্তি
ভোটের প্রচার চলছে জোরকদমে। তার সঙ্গে জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ। এ বার দিলীপ ঘোষকে (West Bengal Election 2026) বিক্ষোভের মুখে পড়তে হলো। পাশাপাশি একাধিক জায়গায় এই ছবি দেখা গিয়েছে।
বিক্ষোভের মুখে দিলীপ
চা চক্রে গিয়ে খড়গপুরে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। এমনকি গাড়ি ভাঙচুর করার চেষ্টার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। স্থানাীয় বাসিন্দাদের অভিযোগ, ‘রেল কর্তৃপক্ষ বাড়ি ভাঙার নোটিস দিলে দিলীপ ঘোষের দেখা নেই’। সমস্যায় পাশে এসে দাঁড়ান না, এখন এসেছেন ভোট চাইতে, এই অভিযোগ ঘিরে ছড়ায় উত্তেজনা। শুধু দিলীপ ঘোষই নন, তার সঙ্গে থাকা বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা।
এই ঘটনাকে ঘিরে খড়গপুরের ২৭ নম্বর ওয়ার্ডের পুরিগেট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।
মনোনয়ন ঘিরে তুলকালাম
বোলপুরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় স্লোগান যুদ্ধ। একদিকে বিজেপি কর্মী-সমর্থকদের “জয় শ্রী রাম” স্লোগান, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের “জয় বাংলা” স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা। দু’পক্ষের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে বোলপুরের প্রশাসনিক চত্বর সংলগ্ন এলাকায় চড়তে থাকে রাজনৈতিক পারদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়। ভোটের আগে এই স্লোগানকে কেন্দ্র করে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে উত্তপ্ত পরিবেশ তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই এলাকায় রাজনৈতিক পারদ আরও চড়েছে।
‘জয় বাংলা’বনাম ‘জয় শ্রীরাম’স্লোগান
মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে তুলকালাম পরিস্থিতি। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে কর্মী সমর্থকদের সঙ্গে দফতরের দিকে এগোচ্ছিলেন। তার আগেই একই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিমের প্রার্থী কবি দত্ত এবং রাণীগঞ্জের প্রার্থী কালো বরন মণ্ডল তাঁদের মনোনয়ন জমা দেন।
এই সময়ে তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান (West Bengal Election 2026) দিতে শুরু করলে পাল্টা বিজেপি কর্মী-সমর্থকরা ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন। দুই পক্ষের মধ্যে বচসায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ, সেই সময় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক সঞ্জীব দে-কে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা।











1 thought on “West Bengal Election 2026 : খড়গপুরে বিক্ষোভের মুখে দিলীপ, মনোনয়ন ঘিরে রাজ্যের দিকে দিকে অশান্তি”