নেপালের ভয়াবহ হড়পা বানে বাড়ির ছাদে আটকে পড়েছিল এক কিশোর। বাঁচার আর কোনও রাস্তা নেই। শেষ ভরসা একটি টি-শার্ট। সেটিই নেড়ে আকাশে আসা হেলিকপ্টারের নজর কাড়ল সে। এরপর যা ঘটল, তা দেখে রীতিমতো শিউরে উঠেছেন প্রত্যক্ষদর্শীরা। (Nepal Flood Rescue)
টি-শার্টই হল বিপদের সংকেত
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, বন্যার জলে ঘেরা একটি বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছে ওই কিশোর। চারপাশে তীব্র স্রোত। কোথাও যাওয়ার উপায় নেই। এমন সময় আকাশে দেখা যায় একটি হেলিকপ্টার। সেটি দেখতে পেয়েই নিজের টি-শার্ট খুলে নেড়ে সংকেত দিতে থাকে কিশোরটি। বার বার আকাশের দিকে তাকিয়ে সে টি-শার্ট নাড়তে থাকে। সেটিই ছিল উদ্ধারকারীদের কাছে তার অবস্থান জানানোর একমাত্র উপায়। (Nepal Flood Rescue)
ল্যান্ডিং স্কিড ধরে উদ্ধার
কিছুক্ষণের মধ্যেই কিশোরটির দিকে এগিয়ে আসে নেপাল আর্মির একটি হেলিকপ্টার। বাড়িটির একেবারে কাছে গিয়ে সেটি আকাশে ভাসতে থাকে। হেলিকপ্টারটি ছাদের কিনারার কাছে আসতেই ঝুঁকি নিয়ে ল্যান্ডিং স্কিডটি ধরে ফেলে কিশোর। এরপর হেলিকপ্টারে থাকা এক সেনাকর্মীর হাত ধরার চেষ্টা করে সে। সেনাকর্মীও হাত বাড়িয়ে দেন। তাঁর সাহায্যে শেষ পর্যন্ত নিজেকে টেনে হেলিকপ্টারের ভিতরে উঠে পড়ে কিশোরটি। (Nepal Flood Rescue)
স্বস্তির নিঃশ্বাস
উদ্ধারের সেই মুহূর্তে চারপাশে থাকা মানুষজন উৎকণ্ঠায় তাকিয়ে ছিলেন। কিশোরটি নিরাপদে হেলিকপ্টারে উঠতেই শোনা যায় হাততালি ও উল্লাস। (Nepal Flood Rescue)
নেপালের ভয়াবহ হড়পা বানের মধ্যে এই উদ্ধার ভিডিয়োটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেপাল আর্মির পাইলট এবং উদ্ধারকারী দলের দক্ষতার প্রশংসা করেছেন বহু মানুষ। তাঁদের মতে, এমন কঠিন পরিস্থিতিতে কিশোরটিকে নিরাপদে উদ্ধার করা নিঃসন্দেহে বড়সড় সাফল্য।
আরও পড়ুন :- বন্যার তাণ্ডবের মাঝেই ‘লুট’, নগদভর্তি আলমারি ভেঙে টাকা নেওয়ার অভিযোগে আটক ২৯












