গরমে হাঁসফাঁস করছে গোটা বাংলা (Weather 18 April)। হঠাৎই তাপমাত্রা বেড়ে যাওয়ায় অস্বস্তি চরমে, তার সঙ্গে কালবৈশাখীর দেখা মিলছে না বললেই চলে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে কিছুটা স্বস্তি মিলতে পারে। শনি ও রবিবার রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও একই সঙ্গে শুষ্ক গরমও বাড়তে পারে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
শনিবার থেকেই দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার প্রভাব বাড়বে। ফলে গরম ও অস্বস্তি দুই-ই বাড়বে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে কিছু জেলায় ঝড়-বৃষ্টি সাময়িক স্বস্তি দিতে পারে। বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা নিশ্চিত নয়।
রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে আবারও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে, তবে সামগ্রিকভাবে গরম ও আর্দ্রতা বাড়বে। উপকূলীয় জেলাগুলিতে ঘর্মাক্ত আবহাওয়া আরও বেশি ভোগাবে।
হরিশ্চন্দ্রপুরে অভিষেকের ছবি ছেঁড়া ঘিরে উত্তেজনা, মুখোমুখি তৃণমূল-বিজেপি
ভোটের আগে আবহাওয়ার বড় বদল
ভোটের আবহে আবহাওয়াও ঘনঘন রূপ বদলাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় কিছু জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হলেও, তার পরের কয়েক দিনে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। প্রথম দফার ভোটের পর আবার আবহাওয়ার নতুন পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।
কলকাতার পরিস্থিতি
কলকাতায় সকাল থেকেই রোদ ও মেঘের লুকোচুরি চলছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আর্দ্রতা ও অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের আশপাশেই থাকলেও গরমের অনুভূতি বেশি থাকবে।
উত্তরবঙ্গে স্বস্তি, তবু সতর্কতা
উত্তরবঙ্গে তুলনামূলক স্বস্তির আবহাওয়া। দার্জিলিং, কার্শিয়াং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতি রবিবার ও সোমবার পর্যন্ত চলবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
সব মিলিয়ে, রাজ্যে এখন দ্বৈত চিত্র—একদিকে বাড়ছে গরম ও আর্দ্রতা, অন্যদিকে মাঝেমধ্যে ঝড়-বৃষ্টি এনে দিচ্ছে সাময়িক স্বস্তি। ভোটের আগে আবহাওয়ার এই ওঠানামা নজরে রাখতেই বলছেন বিশেষজ্ঞরা।











