বুধবার, সকাল ৭টা থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। নির্ধারিত সময় অনুযায়ী এই ভোটপর্ব চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। ৭ জেলায়, মোট ১৪২টি আসনে একযোগে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। প্রথম দফার মতোই শেষ দফার ভোটও যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে তৎপর নির্বাচন কমিশন। নিরাপত্তার জন্য রাজ্য জুড়ে মোতায়েন করা হয়েছে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি নজরদারি আরও জোরদার করতে নিউটাউনে খোলা হয়েছে বাহিনীর একটি বিশেষ কন্ট্রোল রুম।
সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট দিতে দেখা যাচ্ছে শাসকদল ও বিরোধী দলের একাধিক হেভিওয়েট প্রার্থীকে। এদিন সকালে দেখা যায় এক ব্যতিক্রমী ছবিও। সকাল থেকেই রাজ্যে ভোটের ছবি খতিয়ে দেখতে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পোস্টার ছেড়ার অভিযোগও এনেছেন তৃণমূল সুপ্রিমো। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) সকাল সকাল নিজের ভোটদান পর্ব সেরে ফেলেন।
ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে সরব হন তিনি। অভিষেক (Abhishek Banerjee) বলেন, ‘মাথা উঁচু করে ভোট দিন। বাংলার মানুষকে ভয় দেখাতে চাইছে। এক্তিয়ার বহির্ভূত কাজ করছে কমিশন। বাংলার মানুষকে রোহিঙ্গা বলে অপমান করা হয়েছে। বিজেপি উত্তরপ্রদেশ থেকে কিছু গুন্ডা পাঠিয়েছে।’ একইসঙ্গে SIR-এর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘মানুষ লাইনের হয়রানির জবাব লাইনে দাঁড়িয়েই দেবে।’
তবে শেষে তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন, ‘ মানুষের ওপর আমার আস্থা আছে। যে ভাবে বাংলার মানুষকে নির্যাতন করা হয়েছে, তাতে ৪ঠা মে বিজেপির আসন সংখ্যা ৫০-এর নীচে নেমে আসবে।’










2 thoughts on “Abhishek Banerjee: সকাল থেকেই জমজমাট দ্বিতীয় দফার ভোট, ভোটদান সেরে কী বার্তা অভিষেকের?”