---Advertisement---
lifezone nursing home

কোর্ট থেকে ম্যাট, লড়াই চলল শেষ পর্যন্ত; তবু এশিয়ান গেমসে যাওয়া হলো না ভিনেশের

May 30, 2026 7:37 PM
---Advertisement---

ভারতীয় মহিলা কুস্তির অন্যতম বড় নাম ভিনেশ ফোগাটের এশিয়ান গেমসে ফেরার স্বপ্নে বড় ধাক্কা লাগল শনিবার। দীর্ঘ আইনি লড়াই, বিতর্ক এবং নাটকীয়তার পর অবশেষে ট্রায়ালে নামলেও শেষ পর্যন্ত সেমিফাইনালেই থামতে হলো তাঁকে। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান গেমস বাছাইপর্বের মহিলাদের ৫৩ কেজি বিভাগের সেমিফাইনালে হরিয়ানার কুস্তিগির মীনাক্ষী গোয়াতের কাছে ৪-৬ ফলে পরাজিত হন ভিনেশ। এই হারের ফলে চলতি বছরের এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার দৌড় থেকে ছিটকে গেলেন দেশের অন্যতম সফল এই কুস্তিগির। ( Vinesh Pohgat)

তবে শুধুমাত্র একটি হারের গল্প নয়, গোটা দিনটাই ছিল ভিনেশকে ঘিরে চরম উত্তেজনা ও অনিশ্চয়তায় ভরা। কয়েকদিন ধরেই তাঁর অংশগ্রহণ নিয়ে বিতর্ক চলছিল। প্রথমে Wrestling Federation of India তাঁকে ৫০ কেজি বিভাগে খেলতে বললেও ভিনেশ নিজের পছন্দের ৫৩ কেজি বিভাগেই নামার দাবি জানান। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। দিল্লি হাই কোর্ট তাঁর অংশগ্রহণে অনুমতি দিলে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ডব্লিউএফআই। শেষ পর্যন্ত শীর্ষ আদালত ভিনেশকে ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দেয় এবং পরে ফেডারেশনও নিজেদের অবস্থান বদলে ৫৩ কেজি বিভাগে নামার ছাড়পত্র দেয়। ট্রায়ালের আগে তাঁর ওজন ৫৩.৯ কেজি ধরা হয় এবং তাঁকে ড্র-এ অন্তর্ভুক্ত করা হয়। (Vinesh Pohgat)

ট্রায়ালের শুরুটা ছিল যথেষ্ট আশাব্যঞ্জক। প্রথম ম্যাচে হরিয়ানার জ্যোতিকে ৭-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেন ভিনেশ। এরপর কোয়ার্টার ফাইনালে নিশুর বিরুদ্ধে অত্যন্ত কঠিন লড়াইয়ে নামতে হয় তাঁকে। সেই ম্যাচে একাধিকবার খেলা থেমে যায়। স্কোরিং, রেফারিং এবং প্রযুক্তিগত বিষয় নিয়ে দুই পক্ষের কোচ ও কর্মকর্তাদের মধ্যে বচসাও হয়। শেষ পর্যন্ত ৭-৬ ব্যবধানে জয় তুলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেন তিনি। আদালত, ফেডারেশন এবং ম্যাটের লড়াই— সব বাধা পেরিয়ে শেষ চারে পৌঁছনো ভিনেশকে দেখে অনেকেই প্রত্যাবর্তনের ইঙ্গিত দেখতে শুরু করেছিলেন। (Vinesh Pohgat)

কিন্তু সেমিফাইনালে অপেক্ষা করছিলেন এশিয়ান চ্যাম্পিয়নশিপের রুপোজয়ী মীনাক্ষী গোয়াত। শুরু থেকেই টানটান লড়াই হয় দুই কুস্তিগিরের মধ্যে। একাধিকবার স্কোর সমতায় ফেরে। তবে শেষ মুহূর্তে মীনাক্ষী গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিলে ৬-৪ ফলে ম্যাচ জিতে নেন তিনি। একই বিভাগে অন্য সেমিফাইনালে অন্তিম পাঁঘল পুজা গেহলটকে ৫-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেন। ফলে এশিয়ান গেমসের টিকিটের জন্য শেষ লড়াই হবে মীনাক্ষী ও অন্তিমের মধ্যে।

ম্যাচের পর স্পষ্টতই ভেঙে পড়েছিলেন ভিনেশ। তবে হার মেনে নেওয়ার মানুষ তিনি নন। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি জানান, তিনি ব্যর্থ হননি এবং আবারও এই ম্যাটে ফিরবেন। একই সঙ্গে ডব্লিউএফআই-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁর অভিযোগ, তিনি শুধুমাত্র প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, গোটা একটি ব্যবস্থার বিরুদ্ধেও লড়াই করছিলেন। তাঁর কথায়, “আমি আবার ফিরব।” এশিয়ান গেমসের স্বপ্ন আপাতত ভেঙে গেলেও ভিনেশ ফোগাটের লড়াই যে এখানেই শেষ নয়, সেই বার্তাই দিয়ে গেলেন ভারতের এই তারকা কুস্তিগির।(Vinesh Pohgat)

এশিয়ান গেমসের ট্রায়ালে খেলতে বাধা নয়, বিনেশের পাশেই সুপ্রিম কোর্ট


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment