---Advertisement---
lifezone nursing home

প্রয়াত চলচ্চিত্র প্রযোজক পহলাজ নিহালানি, মন খারাপের খবর বলিউডে

June 4, 2026 1:50 PM
---Advertisement---

ফের নক্ষত্রপতন। বলিউডে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান তথা বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক পহলাজ নিহালানি (Pahlaj Nihalani Death)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকাহত চলচ্চিত্র জগতের একাধিক তারকা ও বিশিষ্ট ব্যক্তিত্ব।

জানা যায়, ১৯৮০-র দশকে বলিউডে প্রযোজক হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন পহলাজ নিহালানি। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘হাথকড়ি’ ছিল তাঁর প্রথম প্রযোজিত ছবি। এরপর ‘আন্ধি-তুফান’, ‘ইলজাম’, ‘আগ হি আগ’, ‘পাপ কি দুনিয়া’, ‘শোলা অউর শবনম’ ও ‘আঁখে’-র মতো একাধিক জনপ্রিয় ছবির প্রযোজনা করেন তিনি। বিশেষভাবে উল্লেখযোগ্য, ১৯৮৬ সালের ‘ইলজাম’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা গোবিন্দ। আবার ‘আগ হি আগ’ ছবির হাত ধরেই হিন্দি সিনেমায় অভিষেক হয়েছিল চাঙ্কি পাণ্ডের। তাঁর প্রযোজিত ‘আঁখে’ ৯০-র দশকের অন্যতম বড় ব্লকবাস্টার হিসেবে পরিচিত(Pahlaj Nihalani Death)।

শুধু প্রযোজনাতেই থেমে থাকেননি তিনি, পরিচালনাতেও হাতেখড়ি হয়েছিল তাঁর। ২০১২ সালে গোবিন্দ অভিনীত ‘অবতার’ ছবিটি পরিচালনা করেছিলেন তিনি। এছাড়াও ২০০৮ সালের ‘হল্লা বোল’ ছবিতে একটি ক্যামিও চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে।

২০১৫ সালে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-র চেয়ারম্যান পদে নিযুক্ত হন পহলাজ নিহালানি। সেই সময় তাঁকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে ‘উড়তা পঞ্জাব’, ‘স্পেক্টর’ এবং ‘জব হ্যারি মেট সেজল’-র মতো ছবিকে ঘিরে তাঁর সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ২০১৭ সালে তাঁকে CBFC চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তাঁর জায়গায় দায়িত্ব নেন প্রসূন যোশী।

সেন্সর বোর্ড থেকে সরে যাওয়ার পর আবারও সিনেমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হন পহলাজ নিহালানি। তাঁর মৃত্যুতে বলিউডে এক যুগের অবসান হল বলেই মনে করছেন অনেকে। পারিবারিক সূত্রের খবর, মুম্বইয়ের সান্তাক্রুজের একটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment