বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সদস্য তথা টেনিস জগতের প্রবীণ তারকা লিয়েন্ডার পেজ (leander paes) যোগ দেন বিজেপিতে। এবার রাজ্যে পালা বদলের পর মঙ্গলবার হঠাৎই বিধানসভায় আসেন প্রবীণ টেনিস তারকা। দেখা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের সঙ্গে। প্রবীণ টেনিস তারকাকে দেখে জড়িয়ে ধরেন মন্ত্রী শঙ্কর ঘোষ। একে অপরের পিঠ চাপড়ে দিতে দেখা যায় দুজনকেই।
বিজেপি নেতা তথা টেনিস তারকা লিয়েন্ডার পেজ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই। দুজনেই অসাধারণ কাজ করছেন। পর্যটনে অনেক এগিয়ে যাবে বাংলা। নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাই। রাজ্যের উন্নয়নে বিজেপি সরকার আরও এগিয়ে যাক।”
প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ অক্টোবর গোয়ার পানাজিতে গিয়ে তৃণমূলে যোগদান করেছিলেন লিয়েন্ডার পেজ। ২০২২ সালের গোয়া বিধানসভা ভোটের আগে লিয়েন্ডারকে(leander paes) দলে টেনেছিল ঘাসফুল শিবির। তবে গোয়ায় তৃণমূলের ৬৯ সদস্যের রাজ্য কমিটিতে জায়গা দেওয়া হয়নি লিয়েন্ডারকে। এরপর পরবর্তী বছরগুলিতে তৃণমূলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি প্রাক্তন টেনিস তারকাকে। তারও আগে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছিলে। সেই সময় কংগ্রেসের টিকিটে গোয়া থেকে তাঁর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। তবে সেইবারও ভোটে লড়া হয়নি লিয়েন্ডারের।
নিজের দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ারে লিয়েন্ডার পেজ অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জিতেছেন, সর্বাধিক মিক্সড ডাবলস গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড গড়েছেন, ডেভিস কাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন, ডাবলসে এককভাবে বিশ্বের এক নম্বর হয়েছিলেন। আর এখন বিজেপির নেতা।












