আজ, ৮ জুলাই ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। মহারাজের জন্মদিনেই মুক্তি পেয়েছে তাঁর বায়োপিকের ফার্স্ট লুকও। তবে নানা ব্যস্ততার মধ্যেও খেলার প্রতি তাঁর ভালোবাসা যে এতটুকুও কমেনি, তা আরও একবার স্পষ্ট হলো তাঁর বক্তব্যে। ক্রিকেটের পাশাপাশি ফুটবলের প্রতিও বরাবরই তাঁর গভীর আগ্রহ। তাই চলতি ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর দিকেও সমান নজর রাখছেন তিনি। (Sourav Ganguly)
সৌরভ জানান, ফুটবল বিশ্বকাপের ম্যাচ এবং ক্রিকেটে ভারতের খেলা—দুটিই তিনি পাশাপাশি দেখার করার চেষ্টা করছেন। বিশেষ করে আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তন তাঁকে ভীষণভাবে মুগ্ধ করেছে। মিশরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে একসময় ০-২ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। কিন্তু মাত্র ১৩ মিনিটের মধ্যে টানা তিনটি গোল করে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এই ম্যাচের প্রসঙ্গ টেনে সৌরভ বলেন, “আমি আর্জেন্টিনা এবং ভারতের ম্যাচ পাশাপাশি দেখেছি। যখনই মেসির পায়ে বল এসেছে, তখনই মনে হয়েছে গোল হবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। বড় মাপের খেলোয়াড়রা সুযোগ পেলেই ম্যাচের রং বদলে দিতে পারেন। বড় টুর্নামেন্টে ভালো দলগুলো এভাবেই এগিয়ে যায়। সব ম্যাচ একতরফা হয় না।” (Sourav Ganguly)
বায়োপিকের পোস্টার লঞ্চে খোশমেজাজে মহারাজ, জন্মদিনে আবেগে ভাসলেন ‘দাদা’
তবে ব্যস্ততার কারণে পুরো টুর্নামেন্ট নিয়মিত দেখা হয়ে ওঠেনি বলেও জানান ভারতের প্রাক্তন অধিনায়ক। ভারতীয় সময় রাতের দেরি করে ম্যাচগুলো হওয়ার জন্য সব খেলা দেখা সম্ভব হয়নি। তবুও তিনি শুনেছেন যে এই বিশ্বকাপে স্পেন, নরওয়ে এবং বিশেষ করে ফ্রান্স দুর্দান্ত ফুটবল খেলছে।
জন্মদিনের দিনেও খেলার প্রতি এমন আগ্রহ এবং বিশ্বের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার ওপর তাঁর নজর প্রমাণ করে, মাঠ ছাড়লেও খেলাধুলার প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আবেগ আজও একই রকম অটুট। ক্রিকেট হোক বা ফুটবল—ভালো খেলাকে সম্মান জানাতে তিনি সবসময়ই প্রস্তুত। (Sourav Ganguly)










