রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এবারের ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পাচ্ছেন কারা? অনুষ্ঠানে থাকছে কোন বিশেষ চমক?

Published on: July 28, 2026
East Bengal Bharat Gourav
---Advertisement---

আগামী ১ আগস্ট ইস্টবেঙ্গল দিবস উপলক্ষে নজরুল মঞ্চে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে ইস্টবেঙ্গল ক্লাব। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের সম্মান জানানো হবে। তবে সবকিছুর মধ্যেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ক্লাবের সর্বোচ্চ সম্মান ‘ভারত গৌরব’। এ বছর এই সম্মান পাচ্ছেন বিশিষ্ট অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল এবং জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। ক্লাব সচিব রূপক সাহা জানিয়েছেন, দু’জনেই অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। তাঁদের আজীবন সদস্যপদও দেওয়া হবে। (East Bengal Bharat Gourav)

সঞ্জীব সান্যালকে নিয়ে শুরু বিতর্ক

সঞ্জীব সান্যাল দেশের পরিচিত অর্থনীতিবিদ এবং কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টাদের অন্যতম হিসেবেও তিনি পরিচিত। কিন্তু তিনি কোনও ক্রীড়াবিদ নন। আর সেই কারণেই তাঁকে ইস্টবেঙ্গলের ‘ভারত গৌরব’ সম্মান দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

সমালোচকদের প্রশ্ন, এতদিন এই সম্মান মূলত ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয়েছে। সেখানে একজন অর্থনীতিবিদকে ক্লাবের সর্বোচ্চ সম্মান দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। তাঁদের মতে, ক্রীড়াক্ষেত্রে বহু যোগ্য ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও ক্রীড়া জগতের বাইরের একজনকে বেছে নেওয়া নিয়ে প্রশ্ন ওঠায় স্বাভাবিক। সমালোচকদের একাংশের দাবি, মাঠে রাজনীতির প্রভাব কমানোর কথা বিভিন্ন সময়ে বলা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তাঁদের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রবণতা এখনও বড় ক্লাবগুলির মধ্যে রয়েছে। সেই কারণেই সঞ্জীব সান্যালকে ‘ভারত গৌরব’ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, ক্লাবের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দেশের অর্থনীতি ও নীতি নির্ধারণে সঞ্জীব সান্যালের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে।

অর্ধেকে বাজেটেই শেষ আইএসএল, ১২.৫৩ কোটি সাশ্রয়ে নজির গড়ল ২০২৫-২৬ মরশুম

East Bengal Bharat Gourav: ‘ভারত গৌরব’ পাচ্ছেন প্রীতম

একই সঙ্গে জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীও ‘ভারত গৌরব’ সম্মান পাচ্ছেন। অনেকের মতে, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সঙ্গীত পরিচালককে একই তালিকায় রাখার মাধ্যমে ক্লাব একটি সাংস্কৃতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে।

প্রথমবার ‘সুপার অ্যাচিভার’ সম্মান

এবারের ইস্টবেঙ্গল দিবসে নতুন সংযোজন ‘সুপার অ্যাচিভার’ সম্মান। প্রথমবার এই সম্মানে ভূষিত হবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চলচ্চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি। এছাড়া ‘জীবন কৃতি সম্মান’ পাচ্ছেন ইস্টবেঙ্গলের দুই প্রাক্তন অধিনায়ক বলাই মুখোপাধ্যায় ও তরুণ দে।

বিভিন্ন বিভাগে একাধিক সম্মান

সারা বছরের পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আনোয়ার আলি ও স্বাথী দেবনাথ। সেরা কোচের সম্মান পাচ্ছেন বিনো জর্জ। ‘এমার্জিং প্লেয়ার’ পুরস্কার পাচ্ছেন এডমুন্ড লালরিনডিকা। ‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে ভূষিত হবেন সুরঞ্জনা রাউল এবং সেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন ঋতম পোড়েল।

এছাড়া সেরা রেফারি হিসেবে সম্মানিত হবেন ভোলানাথ দত্ত ও পীযূষ রায়। সেরা সমর্থক হিসেবে সম্মান জানানো হবে মনোময় ভট্টাচার্য, কল্পনা চক্রবর্তী, শ্যামল মজুমদার এবং মাস্টার ঋজু দাস-কে।

উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী ও দলের ফুটবলাররা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এছাড়া ইস্টবেঙ্গলের প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাস, দলের ফুটবলার এবং ক্লাবের বহু প্রাক্তন তারকাও উপস্থিত থাকবেন। ক্লাবের আশা, সমর্থকদের উপস্থিতিতে এবারের ইস্টবেঙ্গল দিবস আরও বর্ণময় হয়ে উঠবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “এবারের ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পাচ্ছেন কারা? অনুষ্ঠানে থাকছে কোন বিশেষ চমক?”

Leave a Comment