NEET-এর প্রশ্নফাঁস বিতর্কে দিল্লিতে CJP-র আন্দোলন চরম আকার নেয়। বিশেষ করে ২০ জুলাই সংসদ অভিযানের দিন চরম বিশৃঙ্খলা তৈরি হয়। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয় পুলিশ। এবার এই প্রসঙ্গ তুলে বুধবার লোকসভায় দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।
Rahul Gandhi: “শাহ সাহস পাননি তাই সংসদে আসেননি”
রাহুল (Rahul Gandhi) বলেন, “আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজ এখানে বসবার সাহস পাননি। তিনি আমাদের শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।” তিনি আরও বলেন, “শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীই ছাত্রদের উপর এই বলপ্রয়োগের অনুমোদন দিতে পারেন।”
“শিক্ষা দফতর আরএসএস-এর হাতে”
বিরোধী দলনেতা বলেন, “এই ব্যবস্থার মূল নিয়ন্ত্রণ এখন আরএসএস-এর হাতে। ধর্মেন্দ্র প্রধান কখনোই শিক্ষামন্ত্রক পরিচালনা করেননি। আরএসএস শিক্ষাদফতরকে পরিচালনা করে”
তাঁর মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে লোকসভার অধিবেশন। হট্টগোল শুরু হয়। চলে শ্লোগান পাল্টা শ্লোগান। তীব্র প্রতিবাদ জানান, বিজেপি ও এনডিএ সদস্যরা। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ এবং সংসদীয় অধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেন। তিনি রাহুল গান্ধীকে এই বক্তব্য প্রত্যাহার করার অথবা এর পক্ষে প্রমাণ দেওয়ার দাবি জানান।
লোকসভার স্পিকার ওম বিড়লা বিষয়টিতে হস্তক্ষেপ করে বলেন, “সঠিক তদন্ত বা প্রমাণ ছাড়া এই ধরনের কোনো গুরুতর অভিযোগ হাউসে আনা উচিত নয়।” পরবর্তীতে রাহুল গান্ধীর দেওয়া বিতর্কিত কিছু শব্দ সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২০ জুলাই দিল্লির যন্তর-মন্তরে সিজেপি (CJP)-র বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ‘সংসদ চলো’ অভিযানে বিক্ষোভকারীদের মিছিল সংসদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পেলেট গান ও কাঁদানে গ্যাসের শেলও ছোড়ে। লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হন।











1 thought on “‘ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শাহ’, লোকসভায় বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধীর”