নিট-দুর্নীতির প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর প্রয়াত মাকে উদ্দেশ্য করে কয়েকজন তরুণীর কটূক্তিকে ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এই আবহেই শুক্রবার রাতে একটি ভিডিয়ো প্রকাশ করে শান্তি ও সংযমের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কটূক্তি বা ঘৃণার ভাষা কখনও কোনও সমস্যার সমাধান করতে পারে না। বরং ভুল পথে চলে যাওয়া তরুণ-তরুণীদের সঠিক পথ দেখানোই সমাজের দায়িত্ব। প্রধানমন্ত্রী জানান, তিনি ওই তরুণীদের ক্ষমা করে দিয়েছেন। (Modi’s X Post)
উল্লেখ্য, গত ২৩ জুলাই যন্তর মন্তরে আন্দোলনের সময় কয়েকজন তরুণী প্রধানমন্ত্রী ও তাঁর প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করে । ইতিমধ্যেই ওই ঘটনায় এক তরুণীর বিরুদ্ধে নয়ডায় এফআইআরও দায়ের হয়েছে। পরে মামলাটি দিল্লি পুলিশের কাছে পাঠানো হয়েছে এবং তারা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে।
তবে এইসব অভিযোগ পাল্টা অভিযোগ এবং শাস্তির সমর্থন করছেন না প্রধানমন্ত্রী, বরং ক্ষমাতেই বিশ্বাসী তিনি। এদিন ভিডিয়োর শুরুতে প্রধানমন্ত্রী বলেন, “হাই ফ্রেন্ডস, আজ শুধু আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই।” এরপর প্রধানমন্ত্রী বলেন, কিছু তরুণী এমন ভাষা ব্যবহার করেছেন, যা কোনও সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তবে তাঁদের আদালতের দ্বারস্থ করে বা সমাজে অপমানিত করে সমস্যার সমাধান হবে না। তাঁর মতে, তাঁরা ভুল পথে পরিচালিত হয়েছেন। তাই তাঁদের শাস্তি নয়, বরং ঠিকটা বুঝিয়ে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত। (Modi’s X Post)
Abuses never solve anything.
— Narendra Modi (@narendramodi) July 31, 2026
Let’s guide the misguided.
Let’s work together.
Let’s work for Bharat. pic.twitter.com/yAePG60KYL
মোদি আরও বলেন, এই ঘটনা দেখে সমাজের অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। অনেকের মনেই প্রশ্ন উঠেছে, দেশের মেয়েরা কীভাবে এমন ভাষা ব্যবহার করতে পারে। ভারতীয় সংস্কৃতি এই ধরনের ভাষাকে সমর্থন করে না। তবুও তিনি তাঁদের ক্ষমা করে দিতে চান, কারণ দিনের শেষে তাঁরা দেশেরই সন্তান। নিজের বক্তব্য বোঝাতে তিনি বলেন, ‘জিভে কামড় লাগলে যেমন কেউ দাঁত বা জিভ কোনওটাকেই বাদ দেয় না, তেমনই ভুল করা তরুণদেরও দূরে ঠেলে না দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া উচিত।’
মোদির কড়া হুঁশিয়ারি, প্রশ্নপত্র ফাঁসে ‘মাফিয়াদের রেহাই নয়’
উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের আন্দোলন শুরু হওয়ার পর থেকেই ভিডিয়ো বার্তায় নেটিজেনদের সঙ্গে নিজের অবস্থান ভাগ করে নিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে এক ভিডিয়ো তে তিনি বলেছিলেন, দেশের পরীক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনা হবে এবং যাঁরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে প্রধানমন্ত্রীর গতকালের এই ভিডিয়োতে তরুণীদের ক্ষমা করে দেওয়ার মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়েছে। কংগ্রেসের দাবি, দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বদলে প্রধানমন্ত্রী নিজেই অন্যদের ক্ষমা করে দেওয়ার কথা বলছেন। বিরোধীদের অভিযোগ, প্রকৃত ইস্যু থেকে নজর ঘোরাতেই এই বার্তা দেওয়া হয়েছে। (Modi’s X Post)












1 thought on “যন্তর মন্তরের বিতর্কে মুখ খুললেন মোদি, কটূক্তিকারী তরুণীদের ক্ষমা প্রধানমন্ত্রীর”